সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষকে কাগজপত্রে জটিলতা থেকে মুক্তি দিতে এবার বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাস থেকেই জমি-বাড়ির রেজিস্ট্রেশন (Land Registration) সম্পূর্ণ অনলাইনে চালু করতে পারে নবান্ন। বাজেটে এ কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সূত্রে পেপারলেস রেজিস্ট্রেশন এবং জমি-বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনলাইন স্লট বুকিং পরিষেবা চালুর প্রযুক্তিগত কাজ অনেকটাই এগিয়েছে বলেই খবর।
অক্টোবর থেকেই জমি-বাড়ির পেপারলেস রেজিস্ট্রেশন
মে মাসে সরকার পরিবর্তন হওয়ার পর জুনে প্রথম বাজেট পেশ করে বিজেপি। সেখানে রাজ্যের সাধারণ নাগরিকদের পাশাপাশি সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেই বাজেটেই জমি-বাড়ি রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডিজিটালাইজ বা পেপারলেস করার কথা উল্লেখ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই পরিষেবা চালু করতে প্রযুক্তিগত কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে নবান্ন। সরকারের মূল লক্ষ্য একটাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করে তোলা। এমনকি এর মাধ্যমে রাজস্ব আদায়ের পরিমাণ অনেকটাই বাড়বে বলে অনুমান রাজ্য সরকারের।
অর্থমন্ত্রী জানিয়েছিলেন, জমি এবং বাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা চালু হবে। তার পরপরই প্রযুক্তিগত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। এই ব্যবস্থা চালু হলে জমি বা বাড়ির রেজিস্ট্রেশনের জন্য সাধারণ মানুষকে আর বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না। নির্দিষ্ট সময় বেছে নিয়ে আগে থেকেই বুক করা যাবে স্লট। যার ফলে রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত ভিড় বা লাইনে দাঁড়ানোর ঝামেলা মিটবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: আদালতে তোলা হল অভিষেকের আপ্তসহায়ককে, ফের হেফাজতে নিতে পারে সিআইডি
এ বিষয়ে রাজ্যের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রযুক্তিগত উন্নতির সঙ্গে পা মিলিয়ে চলছে রাজ্য সরকার। এবার প্রশাসনের সমস্ত কাজই হবে পেপারলেস প্রযুক্তিতে। পরিবেশ রক্ষার পাশাপাশি রাজ্য সরকারি অফিসগুলিতে ফাইলের ভার কমানো এখন সরকারের মূল লক্ষ্য। রেজিস্ট্রেশন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়লে নথি সংরক্ষণের পাশাপাশি নজরদারি এবং পরিষেবার স্বচ্ছতাও বাড়বে বলে অনুমান বিশেষজ্ঞদের। তবে অক্টোবরেই এই ব্যবস্থা চালু হচ্ছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।










