সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের আমলে ১ লক্ষ ১০ হাজার দেওয়া হলেও নতুন সরকার এবার দুর্গাপুজো (Durga Puja) কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঢাকের কাঠি পড়ল বলে। তবে সেই পুজোর অনুদান নিয়েই এবার হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সরকারের ট্যাক্সের টাকায় কেন পুজো কমিটিগুলিকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেই উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন এক আইনজীবী। যদিও পুজোর পরেই সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি।
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা
আগের সরকার ২০১৮ সালে দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া শুরু করেছিল এই অনুদান। ধাপে ধাপে সেই অনুদানের অঙ্ক বাড়ানো হয়। গেল বছর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান বাড়িয়ে একেবারে ১ লক্ষ ১০ হাজার টাকা করেন। তবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ১ লক্ষ টাকা করে দেবেন বলেই জানান। এমনকি আর্থিকভাবে স্বচ্ছল কমিটিগুলিকে অনুদান নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। তবে জনগণের ট্যাক্সের টাকাতেই দেওয়া হচ্ছে পুজোর অনুদান, এমনটাই দাবি ওই আইনজীবীর।
মামলাকারীর আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরেও জনগণের করের টাকায় এইভাবে পুজো কমিটিগুলিকে অনুদান বিলানো হচ্ছে। পুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার আদালতের আগের নির্দেশের মান্যতা দেয়নি। তা সত্ত্বেও সেই অনুদান দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার। এই দাবি তুলেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী। তবে আপাতত দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। পুজোর পরেই এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: “গোটা হিন্দু সমাজের অপমান করেছেন” বিকাশরঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বলাবাহুল্য, রাজ্যে ক্ষমতার হাত বদল হওয়ার পর এই প্রথম দুর্গাপুজো। মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী নিয়ে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে নতুন সরকার। তবে ১০ হাজার টাকা কমালেও পুজো কমিটির অনুদান দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে শুভেন্দুর সরকার। যদিও বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সেই অনুদান না নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ডাকে সারা দিয়ে একাধিক কমিটি অনুদান নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।










