ব্যবসার জন্য মিলবে ৩ লক্ষ টাকা, রাজ্যে চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা, জানুন আবেদন পদ্ধতি

Published:

PM Vishwakarma Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি একে একে রক্ষা করছে ভারতীয় জনতা পার্টির সরকার। প্রথম পদক্ষেপেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বর্ডারে বিএসএফ-দের জন্য জমি বরাদ্দ করেছেন। এমনকি আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে শুরু করে একাধিক ঘোষণা করেছেন। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে এই প্রকল্প। কিন্তু কীভাবে আবেদন করবেন আর কী কী সুবিধা পাবেন? জানুন বিস্তারিত।

কী এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা?

এটি একটি কেন্দ্র সরকারের স্কিম, যেটি কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের দ্বারা চালিত হয়। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এই স্কিমটি চালু করেছিলেন। আর এটি মূলত ক্ষুদ্র শিল্পীদের জন্যই, বিশেষ করে যারা হাতের কাজ করেন। সেক্ষেত্রে কামার, কুমোর, স্বর্ণকার, নাপিত, মালাকার, ধোপা বিভিন্ন শ্রেণীর মানুষজন এই তালিকায় পড়ে থাকে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র, মাঝারি বা কুটির শিল্পের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয়, এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মোটা অংকের স্টাইপেন্ডও দেওয়া হয়।

কী কী সুবিধা মেলে এই স্কিমে?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় যে সুবিধাগুলি মেলে সেগুলি হল—

  • সম্পূর্ণ বিনামূল্যে শিল্পক্ষেত্রে উন্নতি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সেক্ষেত্রে ৫ থেকে ৭ দিনের বেসিক প্রশিক্ষণ মেলে।
  • ১৫ দিন বা তার বেশি দিনের জন্য উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। আর প্রশিক্ষণ চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হয়।
  • প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট দেওয়া হয়, যেটি সরকার স্বীকৃত।
  • আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম কেনার জন্য ই-ভাউচারের মধ্যে মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  • এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হয় এই প্রকল্পের আওতায়।
  • নিজের ব্যবসা শুরু করার জন্য কোনও জামানত ছাড়াই ৩ লক্ষ টাকা ঋণ পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথম কিস্তিতে ১ লক্ষ টাকা, দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা মেলে। আর এই লোনে সুদের হার মাত্র ৫ শতাংশ।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কিমে আবেদন করতে গেলে নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে—

  • আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
  • আবেদনকারীকে কামার, কুমোর, মুচি, স্বর্ণকার, রাজমিস্ত্রি বা যে কোনও পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • পরিবারের যে কোনও একজন সদস্য এই প্রকল্পে আবেদন করতে পারবে।
  • সরকারি কর্মচারী হওয়া যাবে না।
  • বিগত পাঁচ বছর ধরে কোনও রকম ঋণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত থাকা যাবে না।

আরও পড়ুন: WBCS পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন, অ্যাডমিট কবে থেকে?

কীভাবে আবেদন?

এই প্রকল্পে অনলাইনে এবং অফলাইন দু’ভাবে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করতে গেলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল পোর্টালে (pmvishwakarma.gov.in) যেতে হবে।
  • নতুন আবেদনকারী হলে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর আধার কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
  • তারপর আবেদন ফর্মটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর যাবতীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। (আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি)
  • তারপর সাবমিট করে দিতে হবে।

এছাড়া যারা অফলাইনে আবেদন করতে চান, তাদেরকে নিকটবর্তী কোনও কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে নিজের ফোন নম্বর এবং আধার নম্বর ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। ভেরিফিকেশন হলে বায়োমেট্রিকের মাধ্যমে আবেদন করতে পারবেন।