টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক, পুলিশি হেফাজত প্রবীর দাসের

Published:

Tulu Mondal

সৌভিক মুখার্জী, কলকাতা: বীরভূমের টুলু মণ্ডল (Tulu Mondal) কাণ্ডে ফের গ্রেফতার। এবার এক সরকারি আধিকারিককে অ্যারেস্ট করল পুলিশ। গতকাল রাতে টানা ৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর সিউড়ির মোকুমা ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর দাসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এমনকি এই কাণ্ডে তিনি জড়িত থাকতে পারেন। যদিও তাঁর স্ত্রীর দাবি, টুলু মণ্ডলের সঙ্গে সেরকম ভাবে তাঁর কোনও যোগাযোগ নেই।

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক

অনুব্রত ঘনিষ্ঠ এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা উদ্ধার হয়। তবে এই বিপুল সম্পত্তির উৎস কী তা জানতে তল্লাশি শুরু করে পুলিশ। বর্তমানে পলাতক বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তবে তাঁর সূত্র ধরেই আজ ওই সরকারি আধিকারিক প্রবীর দাসকে গ্রেফতার করা হয়েছে বলেই দাবি পুলিশের। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়েছে, এবং সেখান থেকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, টুলু মণ্ডলের মামলার সূত্র ধরে গতকাল রাত পৌনে ন’টা নাগাদ প্রবীর দাসের বাড়িতে হানা দেয় পুলিশ। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চলে তাঁর বাড়িতে। রাত তিনটে পর্যন্ত সিউড়ির কল্পতরুপল্লীতে প্রবীরের বাড়িতে খোঁজখবর চালায় পুলিশ। যদিও সেই অর্থ তাঁর বাড়ি থেকে কিছু উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, বাড়ি থেকে নগদ ৮১ হাজার টাকা আর সামান্য কিছু জমির কাগজ পেয়েছে পুলিশ। তার পরপরই গ্রেফতার করা হয় প্রবীর দাসকে। তবে তাঁর স্ত্রীর দাবি, “টুলু মণ্ডলের সঙ্গে সেই অর্থে কোনও সম্পর্ক নেই। কেন গ্রেফতার করল জানি না। বাড়ি তল্লাশি চালিয়ে মাত্র ৮১ হাজার টাকা আর সামান্য জমির কাগজ পেয়েছে। কিছুই সিজ করা হয়নি। তবে ৩৬ বছর ধরে চাকরি করে। এটুকু তো থাকবেই।”

আরও পড়ুন: শ্যামাপ্রসাদের ফলক সরিয়ে ফের বীরভূমের রাস্তা হল নেতাজির নামে

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডল কাণ্ডে জাল বহুদূর বিস্তৃত। সেই সূত্র ধরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, টুলু মণ্ডলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। এমনকি তাঁর সঙ্গে একাধিক লেনদেনে জড়িত ছিল টুলু। পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে পুলিশ। এমনকি সেখান থেকেও বিপুল পরিমাণ টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার হয়েছে।