স্মার্ট রেশন চালু হলেও ভোগান্তি, সামগ্রী পাচ্ছেন না অনেকেই! চিঠি খাদ্য দফতরে

Published:

Ration

সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্নীতি বরদাস্ত নয়। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার আগেই জানিয়েছিল এ কথা। সেই কারণেই খাদ্য দফতরের তরফ থেকে রেশন (Ration) ব্যবস্থায় আনা হয় আমূল বদল। আগের ই-পস মেশিনের বদলে এখন রেশন দেওয়া হচ্ছে স্মার্ট পিডিএস প্রযুক্তির মাধ্যমে। তবে এখানেই সমস্যা। এই ব্যবস্থা চালু হতেই সার্ভারের ব্যাক-এন্ডে বিভিন্ন রকম প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হচ্ছেন ডিলাররা। যার কারণে গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। সেই কারণে পরিস্থিতি সামাল দিতে খাদ্য ও সরবরাহ দফতরকে চিঠি পাঠিয়েছে সংগঠন।

রেশন ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফ থেকে জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু রাজ্যের খাদ্য এবং সরবরাহ দফতরের সচিব জগদীশ প্রসাদ মিনাকে চিঠি লিখে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে স্মার্ট পিডিএস চালুর প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত সমস্যা স্বাভাবিক ছিল। তবে বর্তমানে এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করছে না। যে কারণে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকা সত্ত্বেও যোগ্য গ্রাহকদের রেশন বিতরণ করা সম্ভব হচ্ছে না। এমনকি এই কারণে রেশন ডিলারদের দোকানেই গ্রাহকরা ক্ষোভ উগড়ে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে রেশন ডিলারদের।

সংগঠনের আরও দাবি, রেশন দিতে না পারার পিছনে ডিলারদের কোনও ভূমিকা নেই। এটি সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটি। খাদ্য দফতরের সার্ভার এবং সিস্টেমের সমস্যার কারণেই গ্রাহকরা রেশন পাচ্ছে না। তবে এই পরিস্থিতি সামাল দিতে দুটি পদক্ষেপের কথা জানিয়েছেন তারা। প্রথমটি হল, আপাতত গ্রাহকদের ভিডিও রেকর্ড এবং মোবাইল নম্বর সংরক্ষণ করে তাদেরকে পর্যাপ্ত রেশন সামগ্রী বিতরণ করার অনুমতি চাওয়া হয়েছে। আর দ্বিতীয়টি হল, যতদিন না পর্যন্ত প্রযুক্তিগত ত্রুটি সমাধান হচ্ছে, ততদিন রেশন দোকান বন্ধ রাখার অনুমতি চাওয়া হয়েছে।

আরও পড়ুন: গভীর রাতে থানায় রহস্যমৃত্যু তৃণমূল কাউন্সিলরের স্বামীর, ছিল তোলাবাজির অভিযোগ

যদিও এখনও পর্যন্ত খাদ্য দফতরের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পাশাপাশি তারা দুয়ারে রেশন নিয়েও সমস্যার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য দফতরকে। সংগঠনের দাবি, স্মার্ট পিডিএস প্রযুক্তি কাজ না করায় দুয়ারে দুয়ারে গিয়ে লেনদেন সম্পন্ন করা যাচ্ছে না। যার কারণে অযথা যাতায়াত এবং অন্যান্য খরচ বাড়ছে। কিন্তু এগুলি সরকারের তরফ থেকে মকুব করা হচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রেশন ডিলারদের বিরুদ্ধে কোনও প্রশাসনিক পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সেই বন্দোবস্ত করতেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের খাদ্য দফতরকে।