গোটা ফলতায় পুনর্নির্বাচন, ভোটগ্রহণ ও গণনার দিন ঘোষণা কমিশনের

Published:

(West Bengal Election 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৪ মে ভোট গণনা। তবে তার আগেই বাংলার রাজনীতিতে বিরল ঘটনা (West Bengal Election 2026)। রাজ্যের ২৯৪টি আসনে গণনার কথা থাকলেও এদিন ফলতা (Falta) আসনের গণনা হবে না। ঝুলে থাকবে এই বিধানসভা কেন্দ্রের ভাগ্য। শনিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই আবারও নির্বাচন হবে। আর আগামী ৪ মে নয়, এই কেন্দ্রের ফলাফল জানা যাবে মে মাসের শেষ সপ্তাহে। এমনকি ভোটের দিনক্ষণও জানানো হয়েছে।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

আসলে গত ২৯ মে দ্বিতীয় দফার ভোটে ফলতা বিধানসভা কেন্দ্রে ব্যাপক অনিয়ম এবং কারচুপির অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অভিযোগের তালিকা ছিল একেবারে দীর্ঘ। কোথাও কোথাও ইভিএম মেশিনে বিরোধীদের প্রতীকের উপর টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কোথাও কোথাও তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জমা পড়ে। এমনকি বুথের বাইরে রাজনৈতিক সংঘর্ষ হয়। ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনাও নজরে আসে কমিশনের। সেই সূত্রে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তের রিপোর্টের ভিত্তিতেই গোটা বিধানসভা কেন্দ্রে গণনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল।

আরও পড়ুন: অনুরাধা নক্ষত্রে টাকার পাহাড়ে বসবে ৪ রাশি! আজকের রাশিফল, ৩ মে

কমিশনের ঘোষণা অনুযায়ী, এই বিধানসভা কেন্দ্রে আগামী ২১ মে অর্থাৎ মঙ্গলবার পুননির্বাচন হবে। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আর ভোট গণনা হবে আগামী ২৪ মে, শুক্রবার। অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে এইদিন। প্রশ্ন উঠছে, সাধারণ ফল প্রকাশের পর কি কোনও কেন্দ্রে ভোট হওয়া সম্ভব? আসলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮এ ধারা অনুযায়ী যদি কোনও বিধানসভার অধিকাংশ বুথে অনিয়ম বা গোলমাল ধরা পড়ে, তাহলে কমিশন চাইলে গোটা কেন্দ্রের ভোট বাতিল করে নতুন দিনক্ষণ ঘোষণা করতে পারে।