সৌভিক মুখার্জী, তারাতলা: তারাতলায় (Taratala) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান গুদামের ছাদ। ভিতরে আটকে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক। সূত্রের খবর, ধ্বংসস্তূপের তলায় বহু শ্রমিক আটকাও পড়েছেন। এখনও পর্যন্ত ৬ থেকে ৭ জনকে উদ্ধার করা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। পাশাপাশি উদ্ধারকাজে লেগে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ভয়ংকর ঘটনা তারাতলায়
কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মীয়মান চায়ের গোডাউনের বিশাল লোহার শেড এবং ছাদ আজ দুপুর নাগাদ ভেঙে পড়েছে বলে খবর। সেই সময় ভিতরে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। দুর্ঘটনা দৃশ্য তারা স্থানীয়দের নজরে আসতেই তারা উদ্ধারকার্য শুরু করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। এমনকি ধ্বংসস্তূপের ভেতর থেকে বাঁচার জন্য আটকে থাকা শ্রমিকদের আর্তনাদও শোনা যায়। পাশাপাশি জেসিবি এবং গ্যাস কাটার আনা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে খবর, তারাতলা বেজ ব্রিজের কাছে ট্রান্সপোর্ট ডিপোর পাশে ওই চায়ের গোডাউন তৈরির কাজ চলছিল। অন্যান্য দিনের মতোই আজ নির্মীয়মান শ্রমিকরা কাজ করছিলেন। তবে হঠাৎ করে বিকট শব্দে গোডাউনের উপর বিশাল একটি লোহার ভারী শেড ও ছাদের একাংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ওই গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে রয়েছেন।
আরও পড়ুন: ট্রাম্পের নামে রাস্তার নাম রাখল তেলেঙ্গানার কংগ্রেস সরকার
দ্রুত ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। এমনকি ঘটনাস্থলে অগ্নিমিত্রের পালের পাশাপাশি পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁও। তড়িঘড়ি নবান্নের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের আশঙ্কা, এই ঘটনায় অনেকের মৃত্যু হতে পারে।










