বকেয়া DA মামলায় ইন্দু মালহোত্রা কমিটিকে চিঠি, এবার হবে সুরাহা? আশায় কর্মীরা

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার জট যেন আরও দীর্ঘ হচ্ছে। পুজোর আগে এই বিষয়ে আবারও একবার সুপ্রিম কোর্টের তরফে তৈরি করে দেওয়া ইন্দু মালহোত্রার কমিটিকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই মামলায় যাতে শীঘ্রই বৈঠক হয় তা নিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)।

ফের ইন্দু মালহোত্রার কমিটিকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

তিনি নিজের ফেসবুক পোস্টে পুঙ্খানুপুঙ্খ বিষয়টি তুলে ধরেন। সেইসঙ্গে জানান, ‘সময় হয়েছে বিচারপতিগণ কোনো কমিটির মাথায় থেকে জনগণের জন্য কাজ করলে তার স্বচ্ছতা নিয়ে জবাবদিহি করার। সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলায় সরকার ও কর্মচারী দুটি পক্ষ। সুপ্রিমকোর্ট রায় দিল রোপা -2009 অনুযায়ী এআইসিপিআই মেনে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে কর্মচারী-পেনশনারদের। এই পেমেন্ট কেমন ভাবে মেটানো হবে, কার কত বকেয়া এই সমস্ত কিছুর তদারকির দায়িত্ব দেওয়া হল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রাকে মাথায় রেখে গঠিত চার সদস্যের কমিটিকে। এই কাজ সঠিকভাবে করতে গেলে বাদী বিবাদী দুই পক্ষের সাথেই কমিটির নিয়মিত বৈঠক হওয়া প্রয়োজন।’

আরও পড়ুনঃ ব্যবসার সুবর্ণ সুযোগ! শিয়ালদহ ডিভিশনে ‘এক স্টেশন এক পণ্য’ স্টলের আবেদন শুরু রেলের

তিনি আরও লেখেন, ‘কিন্তু কমিটি একপাক্ষিক ভাবে সরকারের আধিকারিকদের সাথে আলোচনার সাপেক্ষেই সমস্ত কাজকর্ম করছেন। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কর্মচারী সংগঠনগুলোর সাথে বসার প্রয়োজন অনুভব করছেন না। বারবার চিঠি লিখে বৈঠকের আবেদন করেও কমিটির কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। 07/10/2026 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী সপ্তাহে বৈঠক চেয়ে নতুন করে আবার চিঠি পাঠানো হলো।  ভারতীয় বিচারব্যবস্থার সমস্যাটা হলো তারা সমগ্র ব্রহ্মাণ্ডের জবাবদিহি চাইলেও তাদের কাজের কোনো জবাবদিহি কারো কাছে কোনদিন করেন না। গণতান্ত্রিক দেশে এই ব্যবস্থা ঠিক নয়।’

বাতিল হয়ে গিয়েছিল বৈঠক

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে যে বৈঠকটি ছিল তা বাতিল হয়ে যায়। এর ফলে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মীরা। কবে হবে পরবর্তী বৈঠক? আদৌ হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

google button