বাসস্থানের পর এবার মিলল কর্মসংস্থান, সীতাদেবীর পাশে সরকার

Published:

Agnimitra Paul

প্রীতি পোদ্দার, কলকাতা: দিন কয়েক আগে ফুটপাথে দুধ গরমের প্রতিবাদকে (Park Street Milk Boiling Controversy) ঘিরে ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকি সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এমতাবস্থায় সেই ফুটপাথবাসীর পাশে দাঁড়াল শুভেন্দু সরকার। শুধু বাসস্থান প্রদান নয়, এবার স্বনির্ভর হওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হল কর্মসংস্থানের।

দুধ বিতর্ক নিয়ে ব্যাপক শোরগোল

উল্লেখ্য, গত শনিবার, পার্ক স্ট্রিটের ফুটপাতে শিশুর জন্য সীতা দেবীকে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমনকি ওই মহিলাকে সকলের সামনে ধমক দিতেও দেখা যায় মন্ত্রীকে। যা নিয়ে এখনও রাজনৈতিক বিতর্ক চলছে। এই বিষয়ে সমাজমাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীতা দেবীর পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। যদিও পরে অগ্নিমিত্রা পাল নিজে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে।”

বাসস্থান নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রী

কিছুদিন আগেই জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকে সাহায্য চাইতে গিয়েছিলেন সীতা দেবী। তাঁর সঙ্গে ছিল মেয়ে ও দুই শিশুও। মুখ্যমন্ত্রী জনতার দরবার সেরে বেরোতেই ওই পরিবারের সঙ্গে কথা বলেন। দুর্ভোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার। এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে, ‘মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরেই ভরসা রয়েছে সীতাদেবীর। ৩৪ বছরে বামপন্থীরা আর ১৫ বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেননি। কিন্তু আমরা এবার বাংলায় পরিবর্তন আনব।’ তবে এবার ওই মহিলাকে সরকার শুধু মাথা গোঁজার ঠাঁই দিলেন না, সঙ্গে সীতা দেবীর জন্য একটি ছোট কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছে।

আরও পড়ুন: ক্যামাক স্ট্রিট হোর্ডিং কাণ্ডে গ্রেফতার ১৩, অভিষেক-ডেরেকদের বিরুদ্ধে FIR

কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল সরকার

আজ শুক্রবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট একটি ভিডিও শেয়ার করেছিলেন, সেখানে জানা যায় ফুটপাটবাসী ওই মহিলাকে স্বনির্ভর করার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। যাতে আর তাঁকে ফুটপাথে জীবন কাটাতে না হয় এবং পরিবারটি স্বনির্ভরভাবে নতুন করে পথ চলতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের ধারণা দুধ বিতর্ক ঢাকতেই তড়িঘড়ি এই ব্যবস্থা নিয়েছে বিজেপি সরকার।