সহেলি মিত্র, কলকাতা: ডিএ (Dearness allowance) নিয়ে দীর্ঘ টালবাহানা সকল সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীর মনোবল রীতিমতো ভেঙে রেখে দিয়েছে। ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে মামলাকারী সংগঠনগুলোর বকেয়া ডিএ সংক্রান্ত আগামী ১২ সেপ্টেম্বরের বৈঠকটি হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। এই ঘটনার স্বাভাবিকভাবেই কর্মীদের রামধাক্কা দিয়েছে। যদিও এবার এই ঘটনার পাল্টা দিলেন সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নতুন লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন বলে জানালেন।
ডিএ মামলায় ফের পথে নামছেন সরকারি কর্মীরা!
বৈঠক বাতিল প্রসঙ্গে ভাস্কর ঘোষ ফেসবুকে লেখেন, ‘বহুবার প্রচেষ্টা করেও যখন সুপ্রিম কোর্ট নির্ধারিত মালহোত্রা কমিটির সাথে বৈঠক করে আমাদের সমস্যাগুলোর ফলপ্রসূ সমাধান যখন বের হচ্ছিল না তখন বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে পূর্ণাঙ্গ কমিটির সাথে আমাদের সরাসরি বৈঠক করে আমাদের বক্তব্য সরাসরি শোনানোর কথা রেখেছিলাম। কোর্টও আমাদের আবেদনকে মান্যতা দিয়ে কমিটিকে নির্দেশ দেয় আমাদের বক্তব্য শোনার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কমিটি তৎপর হয় এবং বৈঠক ঠিক হয়। BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের মিটিং বহু পূর্বেই ঠিক হয়েছিল। এই মিটিং এর গুরুত্বও আশা করি সকলেই বোঝেন।’
আরও পড়ুনঃ দিতেই হবে এই তথ্য, স্কুলগুলির জন্য নয়া বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
তিনি আরও লেখেন, ‘এত এত দেশের এত এত রাষ্ট্রপ্রধান আসবেন,সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবর্গ আসবেন সে অবস্থায় ওই বৈঠকের সময় আমাদের বৈঠক এর দিন ঠিক করার যৌক্তিকতা খুঁজে পাইনি। যাই হোক বিচার বিভাগীয় কমিটি তাদের সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ্যে বলাও যায় না। যদিও কোন পরিস্থিতিতেই হতাশই না বরং নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি। গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে পথে নামবো, তবে এবার নামলে নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য নামবো।’
আগেও বৈঠক বাতিল হয়েছে
গত ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত জটিলতা কাটানোর লক্ষ্যে নয়াদিল্লিতে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় এই উচ্চপর্যায়ের মনিটরিং কমিটির সঙ্গে আন্দোলনকারী কর্মচারী সংগঠনগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। তবে ৯ সেপ্টেম্বর (বুধবার) কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে জানান যে, কমিটির পক্ষ থেকে নির্ধারিত সময়ের দু’দিন আগেই এই বৈঠকটি বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি জানান, সংগঠনের তরফে বৈঠকে যাদের উপস্থিত থাকার কথা ছিল তাঁদের বিমানের টিকিট অবধি কাটা হয়ে গিয়েছিল। কিন্তু তার দুদিন আগেই বৈঠকটি বাতিল করার অভিযোগ করলেন তিনি। তবে এই প্রথমবার নয়, এর আগেও দুই থেকে তিনবার ইন্দু মালহোত্রার কমিটি বৈঠকের দিনক্ষণ ঘোষণা করেও তা বাতিল করেছে।










