কীভাবে সুবিধাভোগীদের বাছা হচ্ছে আয়ুষ্মান ভারতের জন্য, নাম না থাকলে কী করবেন?

Published:

Ayushman Bharat Scheme

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার আগেই ঘোষণা করেছিল যে ১৬ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) শুভ সূচনা হবে। সেই মতোই গতকাল বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই প্রকল্পটির উদ্বোধন করেন। এর পাশাপাশি রবিবার এই প্রকল্পের জন্য উপভোক্তাদের যাচাইকরণ কীভাবে করা হচ্ছে, তা স্পষ্টভাবে জানায় রাজ্য প্রশাসন। 

আয়ুষ্মান ভারতের বাছাই ও যাচাইকরণের প্রক্রিয়া

ইতিমধ্যেই নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আয়ুষ্মান যোজনার ডেটাবেসে যাদের নাম রয়েছে, তারা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাদের আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে রাজ্য। যদি সেই ডেটাবেসে কারও নাম না থাকে, তবে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে যে ওই সম্ভাব্য সুবিধাভোগীর নাম ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩’-এর ডেটাবেসে আছে কি না, যার আওতায় তিন ধরণের রেশন কার্ড রয়েছে। সেখানে নাম পাওয়া গেলে তাদের ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তাও দেখা হবে।

আরও পড়ুন: তারাপীঠের হোটেলে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৫ জনের

যদি, ই-কেওয়াইসি করা থাকে তাহলে উপভোক্তাকে কেবল কার্ডের জন্য অপেক্ষা করতে হবে, প্রয়োজনে নির্দিষ্ট ওয়েবসাইটে কার্ডের স্ট্যাটাস চেক করা যেতে পারে। আর ই-কেওয়াইসি না করা থাকলে বুঝতে হবে যে ভেরিফিকেশনের প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে গেছে এবং সেক্ষেত্রে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে। আর যাদের নাম ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন’-এর ডেটাবেসে নেই, অর্থাৎ যারা ভর্তুকি যুক্ত রেশন পান না, তারা ‘মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প’-এর জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: কোনও শর্ত নেই, এই ব্যক্তিরা এমনিই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

জানিয়ে রাখি, রবিবার দিনই আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প-এরও উদ্বোধন করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান যে, প্রায় ১.৪৩ কোটি পরিবার, অর্থাৎ রাজ্যের প্রায় ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আনা হবে। এছাড়া, আরও ৮০ লক্ষ বাসিন্দা পাবেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প-এর সুবিধা। এই দুই নয়া সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের মাধ্যমে দেশের ৩৮,৬০৪টি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

রাজ্য সরকার আগেই জানিয়েছিল যে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে ভূমিহীন ও দিনমজুর পরিবার, কাঁচা বা একটি ঘরযুক্ত বাড়িতে বসবাসকারী পরিবার, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবার এবং ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো পুরুষ উপার্জনকারী সদস্য নেই এমন পরিবার। তবে, ৭০ বছরের বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিকই এই প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এক্ষেত্রে তাঁদের আর্থিক অবস্থা দেখা হবে না।