কলকাতায় জঙ্গি সেল তৈরির পরিকল্পনা, তপসিয়া থেকে STF-র জালে রানার সহযোগী

Published:

Tapsia

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় বসে চক্রান্তের ছক। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে গ্রেফতার হয়েছে আইএসআই এজেন্ট রানা রউফ। এবার তাঁর সূত্র ধরেই তপসিয়া (Tapsia) থেকে গ্রেফতার আরও এক গুপ্তচর। কলকাতায় আইএসআই-র নেটওয়ার্ক এবং স্লিপার সেল তৈরি করার চক্রান্ত ছিল তাঁদের। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানেই তফসিয়ার একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার রানার অন্যতম প্রধান সহযোগী ইমরান।

কলকাতায় গ্রেফতার আরও এক আইএসআই এজেন্ট

জানিয়ে রাখি, দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকা থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-র এজেন্ট রানা রউফকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তি আসলে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। খুব অল্প বয়সেই জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। এমনকি পাকিস্তানি জঙ্গিদের কাছে ভারতীয় রেল এবং সেনাদের বিভিন্ন গোপন তথ্য পাচার করত। পাশাপাশি ২০১২ সাল থেকে কয়েক বছর নেপালে আত্মগোপন করে ছিল সে। তারপরেই পশ্চিমবঙ্গে এসে গুপ্তচরবৃত্তিতে যোগ দেয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রানার কাছে পাকিস্তানি পাসপোর্ট ছিল। এমনকি তার নম্বর ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে। তবে দালাল চক্রের মাধ্যমে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করাই ছিল তাঁর লক্ষ্য। সেই সূত্র ধরেই এবার গ্রেফতার ইমরান। অভিযোগ, রানাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা সংস্থা জানতে পারেন যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগে সে তপসিয়ার বাসিন্দা ইমরানের মারফত ভুয়ো পাসপোর্ট তৈরি করার চক্রান্ত চালাচ্ছিল। সেই সূত্র ধরেই এদিন ইমরানের ফ্লাটে হানা দেয় এসটিএফ। এমনকি পুলিশ জানতে পেরেছে, ভুয়ো নথিপত্র ব্যবহার করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার চক্রে যুক্ত ইমরান।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ নাম বাতিল, পুনরায় করা যাবে আবেদন, বড় ঘোষণা নবান্নের

ইতিমধ্যেই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান, ভুয়ো পাসপোর্ট বানানোর পাশাপাশি কলকাতাকে কেন্দ্র করেই জঙ্গি সেল গড়ে তোলার পরিকল্পনা ছিল রানা এবং ইমরানের। এমনকি তাঁদের সঙ্গে আরও বেশ কিছু দুষ্কৃতী যুক্ত থাকতে পারে। সেই সূত্র ধরেই শহরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।