অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ নাম বাতিল, পুনরায় করা যাবে আবেদন, বড় ঘোষণা নবান্নের

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মহিলাদের তথ্য যাচাইয়ের কাজ। তবে সমস্ত তথ্য ভেরিফাই করে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে বলেই জানিয়েছে রাজ্য সরকার। এমনকি এই মাসে মোট ১.৪৫ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই জানানো হয়েছে নবান্নের তরফে। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এ কথা ঘোষণা করেছেন।

অন্নপূর্ণা যোজনায় বাদ ১৭ লক্ষ মহিলার আবেদন

নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আজ অর্থাৎ ১৭ আগস্ট থেকে আগামী ২০ আগস্ট পর্যন্ত রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা পাঠানো হবে। এই ধাপে মোট ৪৩৫০ কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। যদিও প্রথম ধাপে মোট ১ কোটি ৮০ লক্ষ মতো মহিলা আবেদন করেছিলেন। তবে যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টেই ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে, সেই সূত্রে যাচাই করা হয়েছে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন। এর মধ্যে বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম।

তবে যেহেতু ১০ জুলাইয়ের পর আরও আবেদন জমা পড়েছিল, তাই তাঁদের তথ্য এখনও পর্যন্ত যাচাইয়ের কাজ চলছে। ভেরিফিকেশন হলেই তাঁদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। এমনকি এই মাসে না পেলে পরের মাস থেকে তাঁরা টাকা পাবেন। তবে হ্যাঁ, যাঁদের আবেদন বাতিল হয়েছে তাঁরা আবারও পুনরায় অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে বেশিরভাগ মহিলার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গড়মিল। এই কারণে প্রায় ১০ লক্ষ আবেদন বাতিল হয়েছে।

অন্যদিকে বাকি যে সমস্ত মহিলার আবেদন বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ সরকারি চাকরি করেন, কিংবা পরিবারের তরফ থেকে আয়কর প্রদান করা হয়। তবে তাঁরা নতুন করে আবারও আবেদন করতে পারবেন বলেই মন্ত্রী জানিয়েছেন। সেক্ষেত্রে সোশ্যাল রেজিস্টার পোর্টালে গিয়ে সরাসরি আবেদন জানানো যাবে। তখন যদি কোনও সমস্যা না হয়, তাহলে পুনরায় ভেরিফিকেশন করে তাঁদের তথ্য অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে আর্থিক সহায়তা।

আরও পড়ুন: আয়ুষ্মান ভারত চালু হতেই প্রথম সুবিধা পেলেন বাঁকুড়ার শুভদীপ, টুইট মুখ্যমন্ত্রীর

তবে এক্ষেত্রে উল্লেখ্য, যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, তাঁরা এই ধাপে হয়তো টাকা পাবেন না। ধাপে ধাপে তাঁদের তথ্য যাচাই করা হবে, এবং তাঁদের মধ্যে যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করা হবে। এমনকি অনলাইন পোর্টালটি এখনই বন্ধ হচ্ছে না। আগামী ২০ আগস্ট থেকে ফের আবেদন করা যাবে বলেই জানানো হয়েছে। কিন্তু হ্যাঁ, যাঁরা নতুন আবেদন করতে চান, তাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে আবেদন করতে পারবেন না।