হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে মহাগুরুর?

Published:

Mithun Chakraborty

প্রীতি পোদ্দার, কলকাতা: হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। জানা গিয়েছে গতকাল, পিয়ারলেস হাসপাতালে ডান হাতের অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন। আর আজ তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি। আপাতত ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। আশা করা যাচ্ছে শারীরিক অবস্থা (Mithun Chakraborty Health Update) বুঝে আগামীকাল, শনিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

জানা গিয়েছে, গত পরশু অর্থাৎ বুধবার, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। তাঁর ডান হাতে একটি অস্ত্রোপচার করার কথা ছিল। গতকালই সেই অস্ত্রোপচার হয়, আপাতত সুস্থ আছেন তিনি। এদিকে এই অপারেশনের খবর পেয়ে আজ, শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখাও করেন। তাঁর শারীরিক সুস্থতা নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

আপাতত সুস্থ মিঠুন চক্রবর্তী

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মিঠুন চক্রবর্তীর ডান হাতে সুষ্ঠভাবে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। আগামীকাল, শনিবার, তাঁর শারীরিক অবস্থা বুঝে ছাড়া হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাই আপাতত ভক্তদের চিন্তার কোনও কারণ নেই। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষে নিজের অদম্য মনের জোরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হচ্ছে আসানসোলে

বেশ কয়েকবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এমনকি বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছিলেন তিনি। রোড শো থেকে শুরু করে জনসভা কোনো কিছু বাদ দেননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।