OMR-র কার্বন কপি পাবেন পরীক্ষার্থীরা, নিয়োগ দুর্নীতি রুখতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর এবার এক এক করে পূরণের কাজ শুরু করে দিয়েছে শুভেন্দুর সরকার। আর এবার নিয়োগ নিয়েও বড় আপডেট প্রকাশ্যে এল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিলেন যে নিয়োগ (Recruitment) প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার থেকে চাকরিপ্রার্থীদের OMR শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে।

নিয়োগ দুর্নীতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর

রিপোর্ট অনুযায়ী, শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে ১৯তম রোজগার মেলা। আর সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়োগ প্রসঙ্গে বড় বার্তা দিলেন। তিনি বলেন, “আপনারা জানেন পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, হাই কোর্ট, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে আগামী দিনে সরকারি স্তরে এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।”

কী বলছেন মুখ্যমন্ত্রী?

রোজগার মেলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, “রেল, আধাসামরিক বাহিনী এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি গ্রহণ করেছে, সেই পথেই পশ্চিমবঙ্গে হাঁটবে ডবল ইঞ্জিন সরকার। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হত না। তাই স্বজনপোষণ, দুর্নীতি এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।” তার পরই তিনি জানান, বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ নিয়ে নতুন আইন আনা হবে।

আরও পড়ুন: রাজ্যের স্কুলে এবার ‘নো ব্যাগ ডে’! পড়ুয়াদের চাপ কমাতে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ১০ লক্ষ চাকরি প্রদানের অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও দেশের মোট ৪৭টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে। আজ এই মেলা থেকেই ৫১ হাজার জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে সরকারি ভাবে নিয়োগপত্র তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যে সরকার বদলের পাশাপাশি আগামী দিনে শিক্ষা ও নিয়োগক্ষেত্রেও আমূল পরিবর্তন আসতে চলেছে।