ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কড়াকড়ি, তারাপীঠে বন্ধ হল ১৫ হোটেল

Published:

Tarapith

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, তারাপীঠের (Tarapith) একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Tarapith Hotel Fire) জেরে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন। একধাক্কায় পর পর ১৫ টি হোটেল বন্ধ করে দিল বীরভূম জেলা প্রশাসন। আজ থেকেই এই ১৫ টি হোটেল বন্ধ (15 Hotels Closed In Tarapith) করে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, তারাপীঠ মন্দিরের কাছে ‘বিদেশিনী’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই হোটেলের মালিক প্রবীর পাল এবং ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ।

বন্ধ ১৫ টি হোটেল

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের পরেই হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে। তারপরই রামপুরহাটের SDO তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দেন। এই তালিকায় রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ ও দত্ত ভবন। অভিযোগ এই হোটেলগুলিতে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, দমকলের সার্টিফিকেট। তাই এবার কঠিন ব্যবস্থা নিতে শক্ত হাতে ময়দানে নামল পুলিশ এবং প্রশাসন।

কী বলছেন রামপুরহাট মহকুমা শাসক?

আজ, মঙ্গলবার জরুরিভিত্তিতে বৈঠকে বসেন জেলাপ্রশাসনের আধিকারিকরা। ওই বৈঠকে তারাপীঠ জুড়ে ছড়িয়ে থাকা হোটেলগুলির নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এবং বৈঠক শেষে রামপুরহাট মহকুমা শাসক অশ্বিনী বি রাঠোর জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে অডিট কমিটি তৈরি করা হয়েছে। মূলত কৌশিকী অমবস্যার আগে ভক্তদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। সেজন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।” এছাড়াও গতমাসেও তারাপীঠের ৮টি হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তুলে ধরেন প্রকাশ্যে।

আরও পড়ুন: ‘চিকেনস নেক’ নিরাপত্তায় ৬ লেনের বিকল্প করোনেশন ব্রিজ, টেন্ডার ডাকল NHAI

এদিকে, গতকাল, সোমবার, পুণ্যার্থীদের মর্মান্তিক মৃত্যু ঘটনায় রীতিমত চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গিয়েছে পর্যটকদের। গোটা রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এমনকি রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে তারাপীঠ চত্বর। রীতিমত পর্যটকদের বাড়ি ফেরার হিড়িক পড়ে গিয়েছে। যে সকল বুকিং এই সপ্তাহে করা হয়েছিল, সব এক এক করে ক্যানসেল করে দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদেরও ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

আরও Birbhum Tarapith