রেড রোডে শুরু ম্যারাথনের প্রস্তুতি, কীভাবে করবেন রেজিস্ট্রেশন? জানুন বিস্তারিত

Published:

TATA Steel 25k Marathon

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল জল্পনা, পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরেই ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে ম্যারাথন’ (TATA Steel 25k Marathon) এর ঢাকে কাঠি পড়ে গেল। গতকাল, বুধবার, নবান্নে (Nabanna) ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন হল জাকজমকভাবে। নির্ধারণ করা হল দিনক্ষণ, জানা গিয়েছে এবার কলকাতায় (Kolkata) ম্যারাথন অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। শীতের শহরে রেড রোড থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা। থাকবেন অনেক বিশিষ্ট নেতা মন্ত্রীরা।

‘২৫ কে ম্যারাথন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পূর্বতন সরকারের আমল থেকেই গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে এই ম্যারাথন। সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা যেমন বাড়ছে ঠিক তেমনই অংশগ্রহণকারীর সংখ্যাও বেশ বাড়ছে। এবার ক্ষমতার রদবদল হলেও অনুষ্ঠানে যাতে কোনো গাফিলতি না থাকে তার উপর বিশেষ নজর দিচ্ছে বিজেপি সরকার। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, বুধবার, নবান্নে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে ম্যারাথন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এরপর এই ইভেন্টকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

বিভিন্ন বিভাগের জন্য থাকবে একাধিক খেলা

সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এবারও দেশ-বিদেশের আন্তর্জাতিক স্তরের পেশাদার অ্যাথলিটদের পাশাপাশি হাজার হাজার সাধারণ দৌড়প্রেমী অংশগ্রহণ করবেন বলে আশাবাদী আয়োজকরা। ২৫ কিলোমিটার রোড রেসের পাশাপাশি সাধারণ দৌড়বিদদের জন্য ওপেন ১০কে, ‘আনন্দ রান’, প্রবীণ নাগরিকদের জন্য ‘সিনিয়র সিটিজেন রান’ এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষমদের জন্য রাখা হয়েছে পৃথক বিশেষ বিভাগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ থেকেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: টেনেটুনে এইট পাস অনন্ত মহারাজ, কত টাকার সম্পত্তির মালিক? ফাঁস হল তথ্য

কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘tatasteelworld25k.procam.in‘ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সুসম্পন্ন করতে হবে আগ্রহীদের। আশা করা যাচ্ছে সব বিভাগ মিলিয়ে অন্তত ২৫ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেবে। পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি এই বর্ণাঢ্য আয়োজনে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ভারতীয় সেনাবাহিনী। এখন দেখার এই অনুষ্ঠান প্রতিবারের মতোই কতটা জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়।

আরও Kolkata Marathon