প্রীতি পোদ্দার, কলকাতা: দল ভাঙনের মাঝে এবার আরও চাপে পড়ল তৃণমূল (All India Trinamool Congress), পিছিয়ে গেল দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের (TMC Bank Account Freeze Case) মামলা। জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কালীঘাট তৃণমূলের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই মামলার শুনানি তালিকা অনুযায়ীই হবে। স্বাভাবিকভাবেই চিন্তা আরও দ্বিগুণ বাড়ল মমতার (Mamata Banerjee)।
মামলার দ্রুত শুনানি খারিজ
গত সোমবার তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার দাবিতে মামলার শুনানির আবেদন করা হয়েছিল। আইনজীবী অভিষেক মনু সিংভি হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল কিন্তু আদালত জানায়, সব পক্ষকে নোটিস দেওয়ার পরে সোমবার অথবা মঙ্গলবার শুনানি করা হতে পারে। সেই মতো আজ শুনানির কথা ছিল, কিন্তু সেই শুনানিও এবার পিছিয়ে গেল। সূত্রের খবর মূলত কেন্দ্রের সলিসিটার জেনারেলের আবেদনে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে আদালত। বিচারপতি স্পষ্ট কথা, “বিচার্য মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়।”
অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে বাড়ছে সংঘাত
জানা গিয়েছে, কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা এ দিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে, ওই মামলার শুনানি মঙ্গলবার না করে বৃহস্পতিবার করা হোক। কারণ ওই মামলায় তিনি নিজে শুনানিতে অংশ নিতে চান। এরপর আদালত আশ্বস্ত করে মামলা পিছিয়ে দেয়। অন্যদিকে তৃণমূলে ভাঙনের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছে। এই মামলায় আইনি লড়াইয়ের জন্য সিনিয়র আইনজীবী কে পরমেশ্বরকে নিয়োগ করেছে ঋতব্রত শিবির।
আরও পড়ুন: কল্যাণীতে মেট্রো, নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ট্রেন! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথ সরকারের
প্রসঙ্গত, তৃণমূলে ভাঙন ধরার পরে দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত আরও প্রকট হয়েছে। আর সেই কারণে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। পরে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল ঋতব্রতের শিবির। আর সেই কারণে তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটের তৃণমূল। এখন দেখার এই মামলার জল কত দূর এগোয়।










