লুঙ্গি-হাফপ্যান্ট পরে চালানো যাবে না অটো-টোটো, নির্দেশ ট্রাফিক আধিকারিকের

Published:

Traffic Guard Barasat

অনন্যা সরকার, বারাসাত: অটো (Auto Rickshaw) ও টোটো (Toto) চালকদের দাঁড় করিয়ে লুঙ্গি ও হাফপ্যান্ট না পরার নির্দেশ দিচ্ছেন বারাসাত (Barasat) জেলা পুলিশের এক ট্রাফিক আধিকারিক (Traffic Guard)। এই ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও পুলিশ কর্তৃপক্ষের থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তাহলে কীভাবে নিজের ইচ্ছেমত নিয়ম চাপিয়ে দিতে পারেন ওই ট্র্যাফিক গার্ড, তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

ট্রাফিক আধিকারিকের নিদান

মঙ্গলবার যশোর রোডে দিয়ে যাতায়াত করা একের পর এক টোটো-অটোকে বামনগাছি চৌমাথা এলাকায় থামিয়েছেন দত্তপুকুর ট্রাফিক গার্ডের ওসি দেবদাস দেবনাথ। অভিযোগ উঠেছে কোনও চালকের পরনে হাফ প্যান্ট বা লুঙ্গি দেখলেই তিনি জিজ্ঞাসা করেছেন, এমন পোশাক কেন তারা পরেছেন? এবং তারপরে নির্দেশ দিয়েছেন পরের দিন থেকে যেন এই পোশাক পরে তারা যেন অটো-টোটো না চালান। অটো ও টোটোর মতো গণপরিবহনের চালকদের পোশাকবিধি সর্ম্পকে সরকারের তরফে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাই অনেকেই ট্র্যাফিক আধিকারিকের এই নিদান শুনে অবাক হয়েছেন। 

যদিও, ট্রাফিক পুলিশের ওসি দেবদাস অবশ্য পরে জানিয়েছেন, এই ‘আবেদন’ তার একান্তই নিজস্ব। তিনি কারণ হিসেবে জানান, অটো ও টোটোতে প্রতি দিন বহু মহিলা যাত্রী ওঠেন।  চালকের পোশাকের কারণে তারা অনেকসময় অস্বস্তি বোধ করেন। মুখে হয়তো বলতে পারেন না। তিনি সেই সমস্যাটি অনুভব করেই এই ‘সচেতনতামূলক’ প্রচারটি করেছেন বলে জানান। এছাড়াও তিনি বলেন, লুঙ্গি পরে গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে।

এদিকে, ট্রাফিক পুলিশের ওসি-এর এই নির্দেশ পেয়ে কয়েকজন অটো-টোটো চালক বলছেন, গরমের কারণেই তারা হাফ প্যান্ট পরে বের হন। তবে ওই ট্রাফিক আধিকারিকের কথা মেনে এরপর থেকে ফুল প্যান্ট পরে গাড়ি চালাবেন বলেও অনেকে জানিয়েছেন। আবার বেশ কিছু চালক বলেন, বামনগাছি মুসলিম অধ্যুষিত এলাকা। এখানকার বেশির ভাগ পুরুষ লুঙ্গিই পরে থাকেন। এমনই এক বয়স্ক চালক জানান, এটা তার দীর্ঘ দিনের অভ্যাস। এখন পুলিশ ফুল প্যান্ট পরতে বলছে।

আরও পড়ুনঃ ‘সপ্তপদী’ না করলে হিন্দু বিয়ে বৈধ নয়! শুধু রেজিস্ট্রি করলেই হবে না, সাফ জানাল হাইকোর্ট

 যাত্রীরাও এই নিয়ে দ্বিধাবিভক্ত। কেউ বলছেন পোশাক নিজস্ব রুচির বিষয়। তাই যে যার রুচি অনুযায়ীই তা পড়বেন। আবার কিছুজন বলছেন, রাস্তাঘাটে শালীনতা মেনে পোশাক পরাই উচিত, সে তিনি মহিলা হোন বা পুরুষ। তবে ওসি দেবদাস দেবনাথের এই নির্দেশ বা আবেদন নিয়ে ডিএসপি (ট্রাফিক) নিহাররঞ্জন রায় জানিয়েছেন, এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে একটি সাম্প্রতিক ভিডিয়োয় দেখা গিয়েছে, হাফ প্যান্ট-লুঙ্গি পরা চালকদের পাশে মহিলাযাত্রীরা বসে রয়েছেন। সেটা দেখেই হয়তো পুলিশ আধিকারিকের মনে হয়েছে মহিলারা এতে অস্বস্তিবোধ করতে পারেন, তাই নিজে থেকেই এমন আবেদন করেছেন। তবে তিনি যদি জোরজবরদস্তি বা কোনো খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে তদন্ত হবে।