সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ইতিমধ্যেই নাকি সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কর্মীদের মধ্যে। আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
সপ্তম বেতন পে কমিশন নিয়ে জারি বিজ্ঞপ্তি
জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের ৯ জুলাই ২০২৬-এর এক সরকারি নথিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রস্তাব পরবর্তী পে কমিশনের সিদ্ধান্তের জন্য পাঠানো হবে। দফতরগুলিকে পে কমিশন গঠনের পর আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই জানিয়েছিলেন যে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। নতুন নথি প্রকাশের পর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, নতুন নথি প্রকাশের পর প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ফিটমেন্ট ফ্যাক্টর, নতুন বেতন কাঠামো, ডিএ বা অন্যান্য ভাতার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা করা হয়নি। ফলে এখন সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর পে কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির দিকেই।
কী বলছেন সরকারি আধিকারিকরা?
সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি বলেন, ‘যারা রাজ্যের বর্তমান শাসকদল, তারা বিরোধী আসনে থাকাকালীন সরকারি কর্মচারীদের যাবতীয় দাবিপূরণের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছিলেন। প্রাথমিক হলেও, তিনি যে পে কমিশন নিয়ে পদক্ষেপ করেছেন, এতে আমরা সন্তুষ্ট। আশাকরি প্রতিশ্রুতিমতো পে কমিশন গঠন করে তা কার্যকর করা হবে।’
আরও পড়ুনঃ তৈরি নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
এদিকে সিপিএম সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আমরা অনেক দিন ধরেই সপ্তম পে কমিশন চালুর দাবি জানিয়ে আসছি। সরকার বাজেটে তা ঘোষণাও করেছে। প্রাথমিক বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল, কিন্তু সব সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করেই যাতে পে কমিশন কার্যকর হয়, সেই দাবি আমরা তুলছি।’










