আর সিভিক ভলান্টিয়ার নির্ভরতা নয়, রাজ্য পুলিশের ভোল বদলাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

WB Police Recruitment

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পুলিশ বিভাগে নিয়োগ নিয়ে (WB Police Recruitment) এবার বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এইমুহুর্তে ৪৩ হাজার শূন্য পদে বোর্ডের চেয়ারম্যানকে দ্রুত নিয়োগের নির্দেশ দিলেন তিনি। গতকাল, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রীর এই নির্দেশে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা (Police Jobs in West Bengal)। আসলে পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় রাজ্যের বহু থানা সিভিক ভলান্টিয়ার-নির্ভর হয়ে পড়েছে, যা অন্যান্য রাজ্যে দেখা যায় না। তাই এই পরিস্থিতি দ্রুত বদলাতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

দ্রুত নিয়োগের নির্দেশ

গতকাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পুলিশের পরিসংখ্যান পেশ করেন। সেখানে তিনি জানান, পশ্চিমবঙ্গে প্রতি এক লক্ষ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে মাত্র ১০৬ জন। আর এই সংখ্যা দেশের বাকি রাজ্যের তুলনায় অত্যন্ত কম বলে দাবি করেছেন তিনি। তাই সরকারের লক্ষ্য, প্রতি এক লক্ষ মানুষের জন্য পুলিশের সংখ্যা বাড়িয়ে অন্তত ২০০ জন করা। আর সেই হিসেব অনুযায়ী বর্তমান ৪৩ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ (WB Police Recruitment) করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও পদ তৈরি করতে হতে পারে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, “সুপ্রিম কোর্টের জট কেটে গিয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে বলছি, পুলিশে ম্যানপাওয়ার বাড়াতে হবে। নিয়োগ শুরু করুন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব।”

পুলিশের গাড়ির পরিকাঠামো পরিবর্তন

রাজ্য পুলিশের গাড়ির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, পুলিশের ডিরেক্টর জেনারেল বা ডিজির সঙ্গে কথা বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের প্রায় চার হাজার গাড়ি বদলানো প্রয়োজন। তবে একসঙ্গে এত গাড়ি কেনার অর্থ রাজ্যের অর্থ দফতর নাও দিতে পারে। তাই ধাপে ধাপে গাড়িগুলি বদলানোর পরিকল্পনা করেছে সরকার। তাঁর মতে, “একসঙ্গে চার হাজার গাড়ি দিতে না পারলেও বছরে এক হাজার করে দেব। পুলিশের লজিস্টিক্স এবং পরিকাঠামো বাড়ানো হবে।” এছাড়াও এদিনরাজ্যের মহিলা থানাগুলিকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: টিকিট ছাড়াই উঠেছেন ট্রেনে? এই নিয়ম জেনে রাখলে ফাইন করতে পারবে না TTE

জরুরি অবস্থায় দ্রুত রেসপন্সের নির্দেশ

পুলিশের জরুরি পরিষেবায় সাড়া দেওয়ার সময় কমানোর উপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, উত্তরপ্রদেশে জরুরি ফোন পাওয়ার ৬ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু কলকাতা ছাড়া রাজ্যের অন্য এলাকার পরিস্থিতি এক নয়, সেখানকার গড় রেসপন্স টাইম প্রায় তিন ঘণ্টা। তাই প্রতিটি থানায় জরুরি পরিষেবা ‘১১২’-র জন্য চারটি করে ডেডিকেটেড গাড়ি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মহালয়ার দিন নতুন ‘১১২’ পরিষেবার গাড়িগুলির উদ্বোধন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাইবার অপরাধ মোকাবিলায় রাজ্য পুলিশ যে ভাল কাজ করছে সেই নিয়ে বেশ প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী।

এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ পরিস্থিতি সামলানোর জন্য ‘অর্জুন বাহিনী’-র কথা ঘোষণা করেছিলেন। এবার সেই প্রসঙ্গে তিনি জানান, সিভিল ডিফেন্সের অধীনে ২০০ সদস্যের অর্জুন বাহিনী তৈরি করছে সরকার। ইতিমধ্যেই রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে ৪০ বছর বয়স পর্যন্ত ৮০ জন প্রাক্তন সেনাকর্মীকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, ভবিষ্যতে অগ্নিবীরদেরও এই বাহিনীতে নিয়োগ করা হবে।