টিকিট ছাড়াই উঠেছেন ট্রেনে? এই নিয়ম জেনে রাখলে ফাইন করতে পারবে না TTE

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ (Travel Without Ticket), গোটা দেশজুড়ে এমন অসংখ্য উদাহরণ রয়েছে (Indian Railways)। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে উৎসবের মরসুম চলাকালীন কনফার্ম টিকিট না পেয়ে বহুযাত্রী কোনও রকম টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েন। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, এমনটা কিন্তু দন্ডনীয় অপরাধ। কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে উঠলে 500 টাকা জরিমানা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে। তবে, রেলের একটি নির্দিষ্ট নিয়ম মেনে TTE এর জরিমানার হাত থেকে বাঁচতে পারেন আপনি। কিন্তু কীভাবে?

এই নিয়ম মানলেই দিতে হবে না ফাইন

ভারতীয় রেলের নিয়ম বলছে, উৎসবের মরসুমে কনফার্ম টিকিট না পেয়ে যদি কোনও যাত্রী ট্রেনে উঠে যান সে ক্ষেত্রে তাঁকে নির্দিষ্ট অঙ্কের ফাইন করার সাথে সাথে যাত্রাস্থল থেকে গন্তব্য পর্যন্ত টিকিটের মোট ভাড়া দিতে হবে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে বিনা টিকিটে ট্রেনে যাত্রা করার জন্য আইনি জটিলতার মুখে পড়তে পারেন যাত্রীরা। হতে পারে মোটা টাকার ফাইন। তবে বিশেষজ্ঞরা বলছেন, রেলের এমন কিছু নিয়ম রয়েছে যা না জানার কারণেই টিকিট ছাড়া বিপদে পড়তে হয় যাত্রীদের।

এমন বহু যাত্রী রয়েছেন, যাঁরা কনফার্ম টিকিট না পেয়ে টিকিট ছাড়াই ট্রেনে উঠে যান এবং পরবর্তীতে রেলের নির্ধারিত আইন বা নিয়ম না জানার কারণে TTE এর সামনে বেকায়দায় পড়তে হয়। এক্ষেত্রে রেলের নিয়ম বলছে, ভ্রমনের ক্ষেত্রে কনফার্ম টিকিট না পাওয়া গেলে স্টেশনে পৌঁছে আগে একটি প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতে হবে যাত্রীকে। পরবর্তীতে ওই টিকিট নিয়ে ট্রেনে উঠে যাওয়ার পর যত দ্রুত সম্ভব নিজে থেকে টিকিট পরীক্ষক এর সাথে যোগাযোগ করতে হবে। পরবর্তীতে TTE যাত্রীকে টিকিটের ব্যবস্থা করে দেবেন বা সিট ফাঁকা থাকলে নির্দিষ্ট ভাড়া নিয়ে তাঁকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেবেন।

আরও পড়ুন: চলবে সময় মেনে, বাংলার তিন গুরুত্বপূর্ণ রুটে বাড়বে ট্রেনের সংখ্যা! মেগা প্ল্যান রেলের

প্রসঙ্গত, নির্দিষ্ট টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট পরীক্ষক প্রথমেই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন না। নিয়ম অনুযায়ী, প্রথমে ওই TTE যাত্রীকে ফাইন করবেন। যাত্রী ফাইন দিতে রাজি হয়ে গেলে নির্দিষ্ট রশিদ দিয়ে তাঁকে ট্রেনে ভ্রমণের অনুমতি দেবেন টিকিট পরীক্ষক। তবে যদি যাত্রী ফাইন দিতে অস্বীকার করেন সেক্ষেত্রে একজন টিকিট পরীক্ষকের পূর্ণ অধিকার রয়েছে তাঁকে পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়ার।