সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই একাধিক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। সেই সূত্র ধরেই স্কুলের পড়ুয়াদের জন্যও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। যেহেতু সামনেই ১৫ আগস্ট, তাই আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিদ্যালয়গুলিতে চলবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।
বিদ্যালয়গুলিতে চলবে বিশেষ কর্মসূচি
শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলা এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার আওতায় স্কুলগুলিতে এই কর্মসূচির জন্য মোট দেড় লক্ষ পতাকা বরাদ্দ করা হয়েছে। পতাকাগুলি স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও বিতরণ করা হবে। এমনকি প্রত্যেক নাগরিককে নিজের বাড়িতে পতাকা উত্তোলনের জন্য উৎসাহ প্রদান করা হবে। পাশাপাশি এই কর্মসূচি কীভাবে পালিত হবে সেই সংক্রান্ত নির্দেশিকা প্রত্যেক স্কুলে পাঠানো হয়েছে।
এমনকি এই কর্মসূচি কোথায় এবং কীভাবে পালিত হল তার সম্পূর্ণ বিবরণ প্রত্যেকটি স্কুলকে জমা দেওয়া বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জেগে উঠবে বলেই মত বিশেষজ্ঞদের। পাশাপাশি এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার স্কুলে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, এই বিশেষ সপ্তাহকে গোটা রাজ্যজুড়ে গুরুত্ব সহকারে পালন করা।
আরও পড়ুন: পরপর ২৫ কোটির চেক বাউন্স, হুমায়ূন কবীরকে তাড়াল বিপদে পড়া মহামেডান স্পোর্টিং!
এদিকে ইতিমধ্যেই কলকাতার স্কুলগুলিতে ইসকনকে মিড ডে মিলের জন্য বরাত দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে পড়ুয়াদের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে না বলেই দাবি তোলেন অনেকে। যদিও মুখ্যমন্ত্রী পরে জানিয়েছিলেন, মিড ডে মিলের পাতে ডিম দেওয়া হবে। এমনকি রাজ্যের অন্যান্য স্কুলগুলোতেও ধাপে ধাপে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন এমনটাই জানানো হয়েছে। তবে তারই মধ্যে জাতীয় ঐক্যকে সামনে রেখে গোটা রাজ্যজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।










