অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের পরিবহন ব্যবস্থায় পরিকাঠামগত উন্নয়নের জন্য সরকার একাধিক বদল আনার সিদ্ধান্ত নিয়েছে। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় নতুন ফ্লাইওভার ও স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনার পাশাপাশি এবার দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলায় পড়ে থাকা বাসস্টপগুলির (Bus Stop) ভোল পাল্টে দিতে চলেছে সরকার। এমনিতেই রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা দেয় পশ্চিমবঙ্গ সরকার। আর এবার থেকে প্রতিটা বাসস্টপে বিভিন্ন সুযোগ সুবিধার সাথে রাখা হবে মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা। কী কী বদল আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক।
অত্যাধুনিক হচ্ছে শহরের বাস স্টপগুলি
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) শনিবার ঘোষণা করেছেন যে, বাসস্টপগুলিতে মায়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, যেখানে তিনি তার শিশুকে খাওয়াতে পারবেন। এছাড়াও, জল, কোল্ডড্রিঙ্কস ও স্ন্যাক্সের ভেন্ডিং মেশিন। নিরাপত্তার জন্য প্রত্যেকটি বাসস্টপে আলাদা করে সিসিটিভি (CCTV) ক্যামেরার নজরদারি চলবে ২৪ ঘণ্টা। আবার, কোচবিহার ও মায়াপুরের মতো শহরগুলির জন্য সরকারের পৃথক ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন: আসানসোল–দিঘা রুটে শুরু নতুন এসি বাস, জানুন রুট ও সময়সূচি
ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে থুতু ফেলা ও বেআইনি পার্কিং-এর মোটা অঙ্কের ফাইন চালু হচ্ছে। পুর মন্ত্রী জানান, পার্কিংয়ের ব্যবস্থাকে অ্যাপ নির্ভর করে তোলার চেষ্টা চলছে, যার মাধ্যমে চালকরা সহজেই ফাঁকা পার্কিং স্পট খুঁজতে ও পার্কিং ফি দিতে পারবেন। শহরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হোর্ডিংগুলি দৃশ্য দূষণ করে, তাই সেগুলোকেও সুন্দরভাবে বিন্যাস করার ব্যবস্থা নিচ্ছে সরকার।
আরও পড়ুন: আরজি করের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ-খুনের ২ বছর, রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’ পালনের নির্দেশ
প্রযুক্তিগতভাবেও বাসস্টপগুলোকে আধুনিক করে তোলা হবে। এখানে চার্জিং পয়েন্ট, ডিজিটাল ডিসপ্লের মতো একাধিক আধুনিক ব্যবস্থা থাকবে। চায়না টাউন ও ট্যাংরার মতো বর্ধিষ্ণু অঞ্চলকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।










