বুর্জ খলিফার ধাঁচে এবার প্রিয়জনকে জানানো যাবে শুভেচ্ছা, হাওড়া ব্রিজে আসছে নয়া চমক

Published:

Howrah Bridge

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার বিদেশি ধাঁচে প্রিয়জনকে আপনিও জানাতে পারবেন শুভেচ্ছা, তাও আবার হাওড়া ব্রিজে (Howrah Bridge)..এমনই নয়া উদ্যোগ নিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ (Kolkata Port Trust)। জানা গিয়েছে, প্রিয়জনের জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী কিংবা যে কোনও বিশেষ দিন উপলক্ষে গোটা কলকাতাকে সাক্ষী রেখে এখন যে কেউ হাওড়া ব্রিজে শুভেচ্ছাবার্তা (Howrah Bridge Lighting) জানাতে পারবে আলোর মালায়।

সুর-আলোয় সাজবে হাওড়া ব্রিজ

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কলকাতা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে হাওড়া ব্রিজে প্রথমবার চালু হতে চলেছে ডায়নমিক আরকিটেকচ্যুরাল ইলুমিনেশন ব্যবস্থা। এই বিশেষ ব্যবস্থাপনায় হাওড়া ব্রিজ সেজে উঠবে বিশেষ সুর-আলোয়। যেমনটা দুবাইয়ের বুর্জ খলিফা বা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ডিজিটাল স্ক্রিনে শুভাকাঙ্ক্ষীদের নাম ভেসে ওঠে, ঠিক তেমনটাই এবার কলকাতাবাসীও হাওড়া ব্রিজের আলোয় প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার সুযোগ পাবেন। তবে এই পরিষেবার জন্য কত টাকা খরচ হতে পারে বা বুকিং পদ্ধতি কী, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিদেশি ধাঁচে প্রিয়জনকে শুভেচ্ছা

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হল হাওড়া ব্রিজ। শীতের সকাল হোক কিংবা গ্রীষ্মের দুপুর এই জায়গাকে ঘিরে কলকাতাবাসীর মনে এক আলাদাই ভালোলাগা কাজ করে। আর সেই ভালোবাসার জায়গাকে কাজে লাগিয়ে সরকার যদি এমন উদ্যোগ নেয় তাহলে শহরের পর্যটন আকর্ষণও অনেকটাই বেড়ে যাবে। তবে অনুমান করা হচ্ছে পরিষেবা চার্জ একটি বেশিই হতে পারে। যদিও দুবাইয়ের বুর্জ খলিফা বা প্যারিসের আইফেল টাওয়ারের মত বড় বড় জায়গায় এইসব চার্জ অনেক। এমনকি বাদ যায় না নিউইয়র্কের টাইমস স্কোয়ারও। এখন দেখার কলকাতা বন্দর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: কস্টিউম পরে সোজা সুইমিং পুলে ঝাঁপ কৃষিমন্ত্রী দুধকুমারের, প্রকাশ্যে আনলেন ফিটনেস রহস্য

প্রসঙ্গত, ২০০৬ সালে প্রথম বার নতুন করে আলো লাগানো হয়েছিল হাওড়া ব্রিজে। তার আগে পর্যন্ত ব্রিজে সাধারণ আলো লাগানো ছিল। আর সেই আলো থেকেই ওই বছরে সোডিয়াম ভেপার আলোয় উত্তরণ হয়েছিল হাওড়া ব্রিজের। কিন্তু এবার কুড়ি বছর পরে আলো ফের বদলের মুখে! পরিবর্তনের বাংলায় হাওড়া ব্রিজের এই নতুনত্ব উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই কলকাতাবাসীদের মনে নানা আগ্রহ বেড়েছে।