আবেদনের সময় এই ভুল করলেই মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড! আগেভাগে জানুন

Published:

Ayushman Bharat Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন হতেই গতি পাচ্ছে কেন্দ্রের প্রকল্পগুলি। এতদিন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ড বা আয়ুষ্মান প্রকল্প (Ayushman Bharat Yojana) বাংলায় কার্যকর ছিল না। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তার অনুমোদন দিয়েছেন। এমনকি পরে তিনি নিজেই জানিয়েছেন যে, আগামী জুলাই মাস থেকেই প্রত্যেককে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে, এবং রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যে ৬ কোটি উপভোক্তা রয়েছেন, তারাই পাবেন আয়ুষ্মান ভারত কার্ড। কিন্তু আবেদনের সময় সামান্য কিছু ভুল করলেই মিলবে না এই কার্ড। সেগুলিই জানাবো এই প্রতিবেদনে।

রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত প্রকল্প

আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারগুলির উপর চিকিৎসার খরচ সবসময় বোঝা হয়ে দাঁড়ায়। হঠাৎ করে কোনও অসুস্থতার কবলে পড়লে চিন্তার ভাঁজ পড়ে মধ্যবিত্তের কপালে। কারণ, চিকিৎসার খরচ থেকে শুরু করে ওষুধের যোগান দেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড থাকলে রাজ্যের যে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা মেলে, যা এতদিন রাজ্যে কার্যকর ছিল না। নতুন সরকার আসতেই তা লাগু হয়েছে।

আয়ুষ্মান ভারতে আবেদন করতে কী কী ডকুমেন্ট দরকার?

যদি আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে চান বা এই কার্ড বানাতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। সেগুলি হল—

  • নিজের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড।
  • AAY রেশন কার্ড অথবা BoCW সার্টিফিকেট।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা বিদ্যুতের বিল।
  • জাতিগত শংসাপত্র (যদি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকেন)।
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • পরিবারের বর্তমান অবস্থার প্রমাণপত্র।
  • বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর।

এই ভুলগুলি করলেই বাতিল হবে আবেদন

তবে আবেদন করার সময়ই সাধারণ কিছু ভুল করলেই আবেদন বাতিল হয়ে যেতে পারে। যেমন—

  • আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকতে হবে। যদি নাম, ঠিকানা বা জন্ম তারিখে কোনও ভুল থাকে তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • পরিবারের সদস্যদের তথ্য যদি রেশন কার্ডের সঙ্গে না মেলে তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • যদি পরিচয়পত্রে এক ঠিকানা এবং বাসস্থানের প্রমাণপত্রে আলাদা ঠিকানা থাকে তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • পরিবার ভিত্তিক প্রকল্প হওয়ায় পরিবারের সকল সদস্যকে তালিকাভুক্ত না করতে পারলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • সর্বনিম্ন আয়ের সীমার বাইরে যদি পরিবারের বার্ষিক আয় হয়ে থাকে এবং আপনি যাচাই না করেই আবেদন করেন তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।
  • ডকুমেন্ট আপলোড করার সময় অস্পষ্ট বা ঝাপসা ছবি আপলোড করলে আবেদন বাতিল হয়ে যেতে পারে।

আরও পড়ুন: ১০ দিনে চারবার, প্রায় তিন টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল?

কীভাবে আবেদন করবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পে অনলাইনের মাধ্যমেই খুব সহজে আবেদন করা যায়। এর জন্য শুধুমাত্র নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://nha.gov.in/) ভিজিট করতে হবে।
  • এরপর আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল দিয়ে লগইন করতে হবে।
  • এরপর নিজের নাম, রেশন কার্ডের নম্বর, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি ইনপুট  করে আপনি যোগ্য কিনা তা যাচাই করতে হবে।
  • এরপর আধারের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করে আবেদন সেরে নিতে হবে।