রামের অযোধ্যা থেকে সীতার জনকপুর, কালই শুরু হচ্ছে ভারত-নেপাল ট্রেন পরিষেবা

Published:

train

আনিষা চৌধুরী, কলকাতা: সুখবর! ভারত ও নেপালের (Nepal) মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে। এবার দুই দেশের মধ্যে চালু হতে চলেছে সরাসরি ট্রেন (Train) পরিষেবা। এর ফলে দুই দেশের মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই পর্যটন ও ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে রামায়ণের সঙ্গে জড়িত দুই গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হতে চলেছে।

কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার?

ভারত ও নেপালের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ককে আরও মজবুত করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে অযোধ্যা-জনকপুর ধাম এক্সপ্রেসের উদ্বোধন করবেন। ভারতীয় রেলের অনুমোদন অনুযায়ী, উত্তরপ্রদেশের অযোধ্যা এবং নেপালের জনকপুর ধামের মধ্যে এই রেল পরিষেবা চালু হচ্ছে। উল্লেখ্য, অযোধ্যা ভগবান রামের জন্মস্থান হিসেবে পরিচিত। অন্যদিকে, নেপালের জনকপুর ধাম দেবী সীতার জন্মস্থান হিসেবে বিশেষভাবে পরিচিত।

প্রায় ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করবে এই সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। যাত্রাপথে উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। নির্ধারিত রুট অনুযায়ী, এই ট্রেনটি যে যে স্টেশনে থামবে সেগুলি হল জয়নগর, মধুবনী, শিশো, সীতামাড়ি, রক্সৌল, নারকাটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম। অর্থাৎ, শুধু দুই দেশের প্রধান গন্তব্য নয়, মাঝের একাধিক এলাকার যাত্রীরাও এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।

রেল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে একদিন করে চলবে এই ট্রেন। প্রতি শনিবার নেপালের জনকপুর ধাম থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। অন্যদিকে, প্রতি সোমবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর ধামের উদ্দেশে যাত্রা শুরু করবে। এই পরিষেবা চালুর ফলে ভারত ও নেপালের মধ্যে রেলপথে যাতায়াতের আরও একটি সরাসরি মাধ্যম তৈরি হতে চলেছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি রামায়ণ সার্কিটের পর্যটনেও বিশেষ গুরুত্ব পাবে এই উদ্যোগ।

আরও পড়ুন: গড়াবে এই রুটে চাকা, ২০২৭ এই শুরু হচ্ছে বুলেট ট্রেনের যাত্রা

এই নতুন ট্রেন পরিষেবায় একাধিক দিক থেকে উপকৃত হবেন সাধারণ মানুষ। ধর্মীয় কারণে অযোধ্যা ও জনকপুর ধাম ভ্রমণ করতে ইচ্ছুক পুণ্যার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পড়াশোনা বা কাজের প্রয়োজনে কিংবা পরিবারের সঙ্গে দেখা করতে যাঁরা দুই দেশের মধ্যে যাতায়াত করেন, তাঁরাও নতুন একটি পরিবহণের সুযোগ পাবেন। পর্যটকের সংখ্যা বাড়লে রুটের আশপাশের হোটেল, দোকান, স্থানীয় ব্যবসায়ী, পরিবহণ কর্মী এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। অর্থাৎ, এই রেল যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধাই নয়, সীমান্তবর্তী এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আনতে পারে।

google button