অসংবেদনশীল সরকার! DA নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে আজ খুশির আবহ, কারণ দীর্ঘ ১১০৬ দিনের প্রতীক্ষার আজ বড় সাফল্য অর্জন করল রাজ্য সরকারি কর্মীরা। DA মামলা নিয়ে বছরের পর বছর লড়াই করার পর অবশেষে আজ, বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্ট বকেয়া DA এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিল নবান্নকে। আর এই রায় সামনে আসতেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোশ্যাল মিডিয়ায় করলেন চাঞ্চল্যকর পোস্ট।

DA নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর

DA মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে রাজ্যকে কড়া ভাষায় নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বহু বছরের সংগ্রামের পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীরা মহামান্য আদালতের নির্দেশে তাদের ন্যায্য অধিকার অনুযায়ি মহার্ঘ ভাতা পেতে চলেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল প্রমাণিত হলেন, নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যে বারংবার বলে এসেছেন যে, “ডিএ কর্মচারীদের অধিকার নয়”। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল যে ডিএ হল কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার কোনো অনুদান নয়।’

কর্মচারীদের ধৈর্যের তারিফ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে জানিয়েছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংবেদনশীল সরকার দীর্ঘ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের তাঁদের প্রাপ্য ন্যায্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করেছেন। ট্রাইবুনাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট, একের পর এক আইনি লড়াই জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোটি কোটি টাকা ধ্বংস করে দেশের তাবড় আইনজীবীদের দাঁড় করিয়েছেন শুধুমাত্র প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে। কর্মচারীরা তবুও ধৈর্য ধরে নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন ও দেশের আইনি ব্যবস্থার ওপর ভরসা করে আইনি পথে লড়াই করেছেন।”

আরও পড়ুন: DA রায় কার্যকর না হলে নজিরবিহীন আন্দোলন, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

রাজ্য সরকারী কর্মীদের DA আন্দোলনের জয়কে কুর্নিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, “এই জয় রাজ্য সরকারি কর্মচারীদের সম্মিলিত লড়াইয়ের জয়, ন্যায্য অধিকারের জন্য আপোষহীন এই লড়াই কে আমি কুর্ণিশ জানাই। রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন সহ সকল রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।” অন্যদিকে শীর্ষ আদালতের রায় ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাঁদের স্পষ্ট দাবি, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় না মানে তাহলে নজিরবিহীন আন্দোলন শুরু হবে রাজ্য জুড়ে।

google button