প্রীতি পোদ্দার, কলকাতা: ফেব্রুয়ারির দিনসংখ্যা যত কমে আসছে ততোই তাপমাত্রার পারদ বাড়ছে ধীরে ধীরে। তাইতো কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই এখন আর শীতের আমেজ (Weather Tomorrow) তেমন নেই। কিন্তু রাতে ঠান্ডার একটা ভাব ছিল। তবে এবার রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আরও বাড়বে দিনের তাপমাত্রা। এমনকি রোদের তেজও আরও বাড়বে বলে সতর্ক করছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। পরে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না। চলতি সপ্তাহে কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও ফ্যাকাশে হবে আগামীকাল থেকে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে শুষ্ক এবং হালকা শীতল আবহাওয়া বিরাজ করবে। কয়েক জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। যার ফলে আগামী দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না। তবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
আরও পড়ুন: ‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে না, শ্রী চৈতন্য দেবের ভক্ত হয়ে এসেছি’ মায়াপুরে বললেন অমিত শাহ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার হালকা শীতল আবহাওয়া বিরাজ করবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। যদিও আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর-সহ সব জেলাতেই ভোরে থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে।












