প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুনের শেষ থেকেই বাংলার আবহাওয়ায় ব্যাপক ভোলবদল হয়েই চলেছে। গোটা বসন্তেই যেন দুর্যোগের ঘনঘটা। তবে এখন দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির পরিমাণ কমেছে। যদিও চলতি সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতেও গরমের হাত থেকে রেহাই পাওয়ার কোনো আশা নেই। উল্টে আগামী কয়েক দিনে (Weather Tomorrow) তাপমাত্রা একধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে ক্রমাগত বৃষ্টি দুর্যোগ লেগেই রয়েছে। এদিকে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় রয়েছে। আসলে জলীয় বাষ্প এবং অত্যধিক তাপের সংমিশ্রণে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এইমুহুর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গে খুবই খারাপ অবস্থা। দিন রাত বৃষ্টি হতেই চলেছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে আগামী শুক্রবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল এবং মনোরম আবহাওয়া দেখা যাবে। তবে বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। এইমুহুর্তে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে থাকলেও, ধীরে ধীরে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলীয় জেলাগুলিতে আর্দ্রতার প্রভাব থাকবে অত্যন্ত বেশি। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাও সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন বেশ কয়েকটি জেলায় প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ভোটের মুখে ‘তৃণমূল বিজেপি’ নামে নয়া দল গড়ছেন হেভিওয়েট নেতা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি দুর্যোগের রেশ কাটলেও উত্তরের পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। কিন্তু শুক্রবার থেকে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। কারণ ওইদিন উত্তরবঙ্গে উপরের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি থাকতে পারে।












