শুক্র থেকেই বাড়বে ঝড়বৃষ্টি! সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও তীব্র রোদের দাপট তো কখনও আবার ভারী বৃষ্টি, গোটা মার্চ মাস জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনা যেন বেড়েই চলেছে। যদিও এর পিছনে রয়েছে ঘূর্ণাবর্তের ছায়া। সেই কারণে গত কয়েকদিনের শুকনো আবহাওয়া থাকার পর আবারও হাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় আগামীকাল (Weather Tomorrow) থেকেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) সতর্কতা জারি করা হয়েছে পাঁচ জেলায়।

কিছুদিন আগেই ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে না কাটতেই ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকবে। শুধু তাই নয়, এ ছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর থেকে দক্ষিণে। ইতিমধ্যে আজ বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তার সঙ্গে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে, বেলার দিকে হালকা রোদের দেখা মিললেও বিকেলের দিকে ঘনিয়ে আসবে কালো মেঘ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়াতে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানেই শেষ নয়, বাঁকুড়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।

Weather Tomorrow

আরও পড়ুন: ‘আমরা পাণ্ডব, বিজেপি কৌরব’ মহাভারতের প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণ বঙ্গে বৃষ্টির দাপট এতদিন কম থাকলেও উত্তবঙ্গে ভরপুর বজায় ছিল। আগামীকাল থেকে সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে চলেছে। জানা গিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি শনিবার এবং রবিবার কয়েকটি জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বইবে ঝোড়ো হাওয়া। আগামী ২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

google button