শনিতেও ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ৫ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শেষে ফের রাজ্যজুড়ে বজ্রপাত-সহ ঝড়ের প্রবণতা বাড়ছে। সম্প্রতি দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার ওপর বায়ুমণ্ডলের উপরিভাগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গেও (South Bengal) সপ্তাহান্তে দুর্যোগ বাড়তে চলেছে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Tomorrow) দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। তার সঙ্গে বাড়বে কালবৈশাখীর দাপট।

বসন্তের শেষে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা! কখনও ঝড়-বৃষ্টি, কখনও প্রচন্ড রোদ—এই দুইয়ের টানাপোড়েনে নাজেহাল রাজ্যবাসী। গতকাল বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে, শুধু তাই নয় কয়েক জায়গায় আবার শিলাবৃষ্টিও হয়েছে। আর এবার সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে থাকতে চলেছে কালবৈশাখীর দাপট। যদিও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শনিবার, দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমাঞ্চলের ৫ জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া, মুর্শিদাবাদ- এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: যাবজ্জীবন জেল, ট্রেনে পাথর ছোঁড়া বন্ধে হাওড়া-শিয়ালদা লাইনে নজিরবিহীন পদক্ষেপ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকালও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝড় হাওয়া বইবে। এমনকি রবিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google button