সোনার চেনের জন্য এক অভিনেত্রীকে গ্রেফতার করালেন শ্রীলঙ্কার ক্রিকেটার!

Published:

Gold Chain Controversy cricketer sends legal notice to actress

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে একটি সোনার চেইন (Gold Chain Controversy)। তার জন্যই জনপ্রিয় অভিনেত্রী হর্ষি রসাঙ্গার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। জানা যাচ্ছে, ওই ক্রিকেটার লঙ্কান অভিনেত্রীকে সোনার চেইনটি ফিরিয়ে দেওয়ার জন্য একটি আইনি নোটিস পাঠিয়েছিলেন। সেই নোটিসে খুব পরিষ্কার করে বলা হয়েছিল, লঙ্কান ক্রিকেটার কিছু সময়ের জন্য তাঁকে ওই সোনার চেইনটি দিয়েছিলেন। যেটির মূল্য ছিল কম করে 9 লাখ টাকা। এদিকে ওই লঙ্কান ক্রিকেটারকে না জানিয়েই তিনি ওই চেইনটি বন্ধক দিয়েছিলেন। মূলত সে কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ক্রিকেটার।

গ্রেফতার হয়েছেন অভিনেত্রী

লঙ্কান ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি অ্যাকশন নেয় শ্রীলঙ্কার থাল্লাঙ্গামা পুলিশ। গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে। এরপর তাঁকে পেশ করা হয় কাদুভেলা ম্যাজিস্ট্রেটের আদালতে। এই মামলার শুনানি চলাকালীন অভিযুক্তের আইনজীবীরা স্বীকার করে নিয়েছিলেন যে ক্রিকেটারকে না জানিয়েই তাঁদের মক্কেল সোনার চেন বন্ধক দেন। যদিও পরবর্তীতে অভিনেত্রী আদালতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেন তিনি সেই চেন ফিরিয়ে আনবেন এবং ক্রিকেটারের হাতে তুলে দেবেন।

জামিন পেতেই বদলে যায় বক্তব্য

আদালতে ক্রিকেটারকে সোনার চেন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে 5 লাখ টাকার বন্ডে সই করিয়ে জামিন দেওয়া হয় অভিনেত্রীকে। আর সেই জামিনের পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিবৃতি দেন ওই মহিলা। অভিনেত্রী লেখেন, “শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপাকসের সাথে যখন সম্পর্কে ছিলাম তখন ও ই আমাকে সোনার চেনটি উপহার হিসেবে দিয়েছিল।” অভিনেত্রী এমন বক্তব্যের পর বোঝাই যাচ্ছে তিনি হয়তো সোনার চেইনটি আর ফিরিয়ে দিতে চাইছেন না। যদিও গোটা বিষয়টি আদালতে বিচারাধীন।

অবশ্যই পড়ুন: বৃষ্টিতে ভেস্তে যাবে ইডেনে KKR Vs SRH ম্যাচ? আবহাওয়ার আপডেট

প্রসঙ্গত, অভিনেত্রীর তরফে বিস্ফোরক মন্তব্য এলেও এর পরিপ্রেক্ষিতে টু শব্দ করেননি, ক্রিকেটার ভানুকা। যদিও এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 22 এপ্রিল। এদিকে কুদুভেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী শুনানির সময় থাল্লাঙ্গামা পুলিশকে সোনার চেনটি নতুন করে তৈরি করার বা ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

google button