প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শেষে এসে হাঁসফাঁস অবস্থা দক্ষিণ বঙ্গবাসীর (South Bengal)। দিন যত এগোচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে গরম আর অস্বস্তি। জলীয় বাষ্পের আধিক্যের ফলে জামাকাপড় ভিজছে ঘামে। পশ্চিমের একধিক জেলার তাপমাত্রা হু হু করে বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করছে। সকলের মনে একটাই কথা যে এখনও বৈশাখ মাস শুরু হয়নি তার আগেই এই গরম। যদিও আগামীকাল (Weather Tomorrow) রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। সঙ্গে রয়েছে কালবৈশাখীর দাপট।
বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। তার ফলেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু বৃষ্টি পরিস্থিতি তৈরি হলেও গরমের দাপট বেশ বাড়বে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত দু’দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফলে ভ্যাপসা গরমও এখনই কমছে না। তবে স্বস্তির বিষয় হল আগামীকাল থেকেই আবহাওয়ার বড় বদল আসতে চলেছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই পরিষ্কার থাকবে আকাশ। তবে মাঝে মাঝে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। রোদের তাপও বাড়বে। ফলস্বরূপ গরম আরও বাড়ার সম্ভাবনা। তবে আগামীকাল বিকেল থেকে আবহাওয়ার ভোল বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। এমনকি পশ্চিমদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হতে পারে কালবৈশাখী। অন্যদিকে সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: দিনরাত ভারতবিরোধী স্লোগান, সেই সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য কলকাতায়?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে আজ আবহাওয়াটা কিছুটা শুষ্ক এবং উষ্ণ থাকবে এবং তাপমাত্রাও বেশ বাড়বে।












