বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণেই জ্বালানি নিয়ে যত চিন্তা (OPEC On Oil)। পশ্চিম এশিয়ার অস্থিরতা যত বাড়ছে ততই চিন্তা বাড়ছে গোটা বিশ্বে। একে হামলা চালিয়ে ইরাক, সৌদি আরবের তেলের ভান্ডারগুলি ছারখার করে দিয়েছি ইরান। তার উপর কার্যত অবরুদ্ধ হরমুজ প্রণালী। ফলে কোন সমুদ্র পথ দিয়ে জ্বালানি আমদানি রপ্তানি হবে তা ভেবে কুল পাচ্ছে না কেউই। ঠিক সেই পরিস্থিতিতে, বৈঠক শেষ করে খারাপ খবর শোনালো OPEC অন্তর্ভুক্ত দেশগুলি।
কী জানাল OPEC এর দেশগুলি?
আল জাজিরার রিপোর্ট বলছে, ইরান যুদ্ধের মাঝেই সম্প্রতি বৈঠকে বসেছিল OPEC অন্তর্ভুক্ত আটটি দেশ। এমনিতেই হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ কায়েম করে রেখেছে ইরান। ফলে সেখান থেকে যথেচ্ছ তেল বা জ্বালানি নিয়ে যাওয়া অসম্ভব। তার উপর উপসাগরীয় দেশগুলির তেল ভান্ডার ধ্বংস করেছে তেহরান। এমতাবস্থায়, তেল নিয়ে আসা নিয়ে যাওয়ার বিকল্প রূট খুঁজছিল OPEC অন্তর্ভুক্ত দেশগুলি। সমানভাবে জোর দেওয়া হচ্ছিল উৎপাদনের উপরেও।
তবে বৈঠকের পর OPEC এর দেশগুলি জানিয়ে দিল, যুদ্ধের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হামলায় যা ক্ষতি হয়েছে তাতে আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে যথেষ্ট সময় লাগবে। একই সাথে লাগবে প্রচুর অর্থও। তবে আপাতত পরিস্থিতি সামাল দিতে সীমিত পরিকাঠামোতেই তেল উৎপাদন বৃদ্ধির উপর জোর দিচ্ছে OPEC এর আওতাভুক্ত দেশগুলি। আসলে গোটা বিশ্বে তেলের চাহিদার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। জানা যাচ্ছে, কঠিন সময় অতিরিক্ত তেল উৎপাদনের ওপর জোর দেবে রাশিয়াও।
অবশ্যই পড়ুন: “আরেকটা পহেলগাঁও ব্লু প্রিন্ট রেডি…” পাকমন্ত্রী কলকাতায় হামলার হুমকি দিতেই মোদীকে তোপ মমতার
রাশিয়া থেকে ইচ্ছেমতো তেল আমদানি করতে পারবে ভারত?
এর আগে রাশিয়া থেকে তেল কেনায় ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশ জানিয়েছিল ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনার মধ্যে দিয়ে মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থ সাহায্য করছে। মূলত সেই কারণেই দুই ধাপে নয়া দিল্লির উপর শুল্ক চাপায় ওয়াশিংটন ডিসি। যদিও পরবর্তীতে সেই শুল্কের বোঝা কমানো হয়েছে ট্রাম্প সরকারের তরফে। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ভারত সহ বেশ কিছু দেশকে রাশিয়া থেকে সাময়িক তেল কেনার ছাড়পত্র দিয়েছেন। এমতাবস্থায় দাঁড়িয়ে, রাশিয়া দিনে দিনে বাড়তি তেল উৎপাদন করলেও ভারত দীর্ঘমেয়াদে এই সুবিধা নিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।












