সৌভিক মুখার্জী, কলকাতা: এমনিতেই গ্রীষ্মের তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে গোটা বাংলা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই গরমের দাপট তীব্র। আর এই গরমে একটু শান্তির খোঁজে অনেকেই পাহাড় বা সমুদ্রের দিকে পা ফেলতে চায়। তবে আপনারও যদি এরকম কোনও ইচ্ছা থাকে, তাহলে রইল বিশেষ সুখবর। আসলে সামনের সপ্তাহই হতে পারে আপনার জন্য সেরা সময়। কারণ, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) যে ছুটির তালিকা (Nabanna Holiday List) রয়েছে, সেই অনুযায়ী আগামী সপ্তাহে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য রয়েছে একটানা লম্বা ছুটি। কোন কোন দিন তা জানাবো এই প্রতিবেদনে।
কোন কোন দিন মিলছে ছুটি?
আসলে আমরা যদি নবান্নের বার্ষিক ছুটির ক্যালেন্ডার খতিয়ে দেখি, তাহলে দেখতে পাবো আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে পরপর দুটি বড় বড় ছুটি রয়েছে। প্রথমত, ১৪ এপ্রিল মঙ্গলবার ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী এবং চড়ক পূজা উপলক্ষ্যে এদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ, অফিস আদালত, দপ্তর সব বন্ধ থাকবে। এরপর আগামী ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে গোটা রাজ্য সাধারণত ছুটি ঘোষণা করা হয়। আর সেই দিনও স্কুল-কলেজ, অফিস, আদালত সবকিছুই বন্ধ।
তবে এইখানেই রয়েছে টুইস্ট। যদি একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে আপনি টানা পাঁচদিন ছুটির সুবিধা উপভোগ করতে পারবেন। আর এই পাঁচদিনে ছোট্ট ট্রিপ বা মিনি ভ্যাকেশন সেরে নিতে পারবেন। আসলে ১২ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটি। সেদিন তো রাজ্যের সবকিছুই বন্ধ। আর ১৩ এপ্রিল সোমবার, এ দিন কোনও সরকারি ছুটি নেই। এই দিনটা নিয়েই সমস্যা। তবে এদিন যদি আপনি একটি ব্যক্তিগত ছুটি বা ক্যাজুয়াল লিভ ম্যানেজ করতে পারেন তাহলেই কেল্লাফতে। আর ১৪ এবং ১৫ এপ্রিল দু’দিন ছুটি থাকছেই। তবে এর সাথে যদি আপনার অফিস বা স্কুল ১১ এপ্রিল অর্থাৎ শনিবার বন্ধ থাকে, তাহলে কোনও বাড়তি ঝামেলা ছাড়াই আপনি শনিবার থেকে বুধবার টানা ৫ দিন ছুটির সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: বুলেট ট্রেন প্রকল্পে নয়া মাইলফলক অর্জন রেলের, করে ফেলল বড় কাজ
আর এই পাঁচদিন যদি হাতে থাকে, তাহলে অনায়াসে উত্তরবঙ্গের ডুয়ার্স বা কালিম্পং এর যে কোনও অফবিট গ্রাম থেকে ঘুরে আসতে পারেন। গরমের সময় এই সমস্ত জায়গা একেবারে সেরা বিকল্প। আর যারা সমুদ্র ভালবাসেন, তাদের জন্য তো দিঘা, মন্দারমনি রয়েছেই। কিন্তু মনে রাখবেন, নববর্ষের এই মরসুমে পর্যটন কেন্দ্রগুলোতে একটু ভিড় বেশি থাকে। তাই আগাবেই হোটেল বা টিকিট বুকিং করে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।












