সৌভিক মুখার্জী, গোবরডাঙ্গা: আর হাতে গোনা কয়েকটা দিন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন বাংলায় (West Bengal Election 2026)। এখন রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে শাসকদল প্রচার অভিযানে ব্যস্ত। তবে এরই মধ্যে আলোচনার শিরোনামে উঠে আসলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ভাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তুঙ্গে জল্পনা (Subrata Thakur Viral Video)। এ নিয়েই সরব হলেন বিধায়কের স্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুব্রত ঠাকুরের ভিডিও
আসলে এখন ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, সব জায়গায় সুব্রত ঠাকুরের একটি ভিডিও ভাইরাল হচ্ছে (সেই ভিডিওর সত্যতা ইন্ডিয়া হুড যাচাই করেনি)। যেখানে একটি মেয়ের সঙ্গে তাঁর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা যাচ্ছে। আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এমনকি তাঁর দলের সমর্থকরাও তাঁকে যা খুশি বলছে। ৫ সেকেন্ডের ভিডিওটি দেখে কার্যত চক্ষু চড়কগাছে উঠছে আমজনতার। এবার এ নিয়ে মুখ খুললেন সুব্রত ঠাকুরের স্ত্রী।
সুব্রত ঠাকুর বার্তা নামক একটি ফেসবুক পেজ থেকে তাঁর স্ত্রী জানান যে, গাইঘাটা বিধানসভায় সুব্রত ঠাকুরকে হারানোর মতো প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তাঁকে হারানো এত সহজ নয়। তাই এবার তাঁর ছবি দিয়ে AI ভিডিও তৈরি করেই তাঁকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ওটা ডিপফেক এআই দিয়ে বানানো। মানুষজন এতটাও বোকা নয়। পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা তো নেই বললেই চলে। আর এখানে তৃণমূলের নেতারা জিততে পারবে না বলে এভাবে নিচে নামানোর চেষ্টা করছে। আমি আগে থেকেই আঁচ করতে পেরেছিলাম। আমি এ নিয়ে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে দ্রুত তদন্তের ব্যবস্থা করা হোক, এবং এই গুজব ছড়ানো থেকে বিরত থাকা হোক।
আরও পড়ুন: তারেক জমানাতেও বাংলাদেশে হিন্দুদের পাড়ায় ভয়াবহ হামলা, লুঠপাট
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে গাইঘাটা বিধানসভার বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঠাকুর। আর এবারও পদ্ম শিবিরের তরফ থেকে তাঁকেই টিকিট দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের নরোত্তম বিশ্বাস। আর আগামী ২৯ এপ্রিল গাইঘাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচন। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় এরকম কাটাছেঁড়া যে বিজেপির অন্দরে সমস্যা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না।












