ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে, দাম কেমন?

Published:

Green Hydrogen Stove

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল দিয়েই জ্বলবে আগুন। তাতেই হবে রান্না (Green Hydrogen Stove)। এমনটা আগে কোথাও শুনেছেন? অবাক লাগলেও এটাই সত্যি। সাম্প্রতিককালে যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাস বা LPG নিয়ে একপ্রকার কাড়াকাড়ি লেগে গিয়েছে। মূলত সে কারণেই সংকটকালে ইন্ডাকশনের উপর ভরসা রাখছেন আমজনতা। LPG র সংকট বাড়তেই এই বিশেষ যন্ত্র কেনার জন্য একেবারে হিড়িক পড়ে গিয়েছিল। তবে এবার ইনডাকশনের থেকেও ভালো কিছু আসতে চলেছে বাজারে।

বাজারে আসছে গ্রিন হাইড্রোজেন স্টোভ

যুদ্ধ আবহে LPG সংকটকে মাথায় রেখে এবার বাজারে আসতে চলেছে হাইড্রোজেন স্টোভ। যাতে জল ঢাললেই জ্বলবে আগুন। দ্রুত হয়ে যাবে রান্না। সবচেয়ে বড় কথা, রান্নার সময় বেরোবে না কোনও ধোঁয়া। নির্গত হবেনা কার্বন ডাই অক্সাইডও। শুধুমাত্র জল দিয়েই চলবে এই বিশেষ যন্ত্র। তাই এর নাম রাখা হয়েছে গ্রিন হাইড্রোজেন স্টোভ।

বলাই বাহুল্য, দেশে LPG র যোগান অব্যাহত রাখার পাশাপাশি দূষণ কমিয়ে ন্যাশনাল হাইড্রোজেন মিশনের অধীনে জ্বালানি হাইড্রোজেন তৈরির লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এই হাইড্রোজেন তৈরির জন্য যে প্রযুক্তি দরকার দেশেই তার পরিকাঠামো গড়ে তোলা হবে বলেই জানানো হয়েছিল। তখন অবশ্য পাইপলাইন দিয়ে গ্রীন হাইড্রোজেন পাঠানোর ভাবনা ছিল সরকারের। তবে বর্তমানে LPG সঙ্কটকে মাথায় রেখে প্রত্যেক ঘরে ঘরে রান্নার গ্যাসের বিকল্প হিসেবে গ্রিন হাইড্রোজেন স্টোভ তৈরির পরিকল্পনা করছে সরকার।

সাধারণত পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ এর মধ্য দিয়ে যে হাইড্রোজেন তৈরি হয় সেটাই গ্রিন হাইড্রোজেন। এতে পরিবেশের কোনও রকম ক্ষতি হয় না। এটা তৈরি করা হয় মূলত জলের হাইড্রোলিসিস ঘটিয়ে। ফলে কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়ার কোনও সুযোগ নেই। সরকারি একটি সূত্র মারফত খবর, গ্রিন হাইড্রোজেন স্টোভ তৈরি করা হবে মূলত স্টেনলেস স্টিল দিয়ে। এতে থাকবে দুটি বার্নার। সেখান থেকেই নির্গত হবে গ্রিন হাইড্রোজেন। তা দিয়েই করা যাবে রান্না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হাইড্রোজেন স্টোভে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেক্ট্রোলাইজার থাকবে যা জলকে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করবে। এর ফলে বিশুদ্ধ পানীয় জল স্টোভের ভিতর গ্রিন হাইড্রোজেনে পরিণত হয়ে তা থেকে আগুনে পরিণত হবে। তবে আগুন প্রচুর পরিমাণে যাতে উৎপন্ন না হয় তা নিয়ন্ত্রণ করবে এই স্টোভে থাকা বিশেষ প্রযুক্তি। ফলে দাউ দাউ করে আগুন না জ্বলে যতটা প্রয়োজন ঠিক ততটা তাপেই হবে রান্না।

অবশ্যই পড়ুন: গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

দাম কত হবে?

LPG র সংকটকালে বাজারে যে গ্রিন হাইড্রোজেন স্টোভ আসতে চলেছে সেটির দাম পড়তে পারে কম করে দেড় লাখ টাকার কাছাকাছি। যদিও এই অর্থ এককালীন অর্থাৎ হাইড্রোজেন স্টোভ ইনস্টল করার সময় লাগবে। এই বিশেষ স্টোভ একবার ইন্সটল করা হয়ে গেলে পরবর্তীতে আর বিদ্যুৎ খরচ কিংবা সিলিন্ডারের প্রয়োজন পড়বে না। যদিও পরবর্তীতে সরকার এই স্টোভ কেনার জন্য ভর্তুকি প্রদান করতে পারে।