বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের স্বার্থে এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত পরিষেবাকে আরও স্বচ্ছ করতে EPFO 3.0 এর আওতায় ATM থেকে PF এর টাকা তোলার মতো বিশেষ সুবিধা চালু করছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO। এর ফলে আর EPFO অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না PF হোল্ডারদের। বরং ATM কার্ড ব্যবহার করেই মেশিন থেকে তুলে নিতে পারবেন নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা। তবে এই বিশেষ পরিষেবা চালু হওয়ার আগে যে প্রশ্নটি সকলের মনে ঘুরপাক খাচ্ছে তা হল, এর ফলে কি পেনশনে (Pension) কোনও প্রভাব পড়বে?
ATM থেকে PF এর টাকা তুললে পেনশনে প্রভাব পড়বে?
এতদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে হলে ধাপে ধাপে একাধিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো গ্রাহকদের। তারপরেই হাতে আসতো প্রভিডেন্ট ফান্ডের টাকা। মূলত সেই পরিষেবাকে আরও সহজ করে তুলতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা EPFO 3.0 এর অধীনে যে বিশেষ পরিষেবা চালু করতে চলেছে তাতে শুধুমাত্র ATM কার্ড থাকলেই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। তবে এতে কি সরাসরি প্রভাব পড়বে পেনশনে?
বিশেষজ্ঞরা বলছেন, ATM থেকে উন্নত EPFO 3.0 পরিষেবার মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা উত্তোলন করলে কর্মচারী বা পেনশনভোগীর পেনশনে কোনও প্রভাব পড়বে না। বলাই বাহুল্য, EPF এবং EPS দুটি সম্পূর্ণ ভিন্ন স্কিম। EPF অ্যাকাউন্টে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই নিজেদের অবদান রাখেন। তবে EPS অ্যাকাউন্ট ব্যবহার করা হয় শুধুমাত্র পেনশনের জন্য। বলে রাখি, নতুন পরিষেবার হাত ধরে ATM কার্ড ব্যবহার করে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন গ্রাহকরা, EPS অ্যাকাউন্ট থেকে নয়। কাজেই এর ফলে পেনশনে কোনও রকম প্রভাব পড়বে না।
অবশ্যই পড়ুন: তাপপ্রবাহে ব্রেক! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী একজন কর্মচারী তাঁর EPF ব্যালেন্সের সর্বোচ্চ 75 শতাংশ অর্থ তুলতে পারেন। বাকি অর্থ অবসরকালীন সময়ের জন্য সঞ্চিত রাখা হয়। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, একজন কর্মচারী যদি ন্যূনতম 10 বছর চাকরি করে থাকেন তবেই তিনি পেনশন পাওয়ার যোগ্য। আর সেটা পাওয়া যায় EPS প্রকল্পের অধীনে। বিশেষজ্ঞদের দাবি, ATM ব্যবহার করে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুললে এর কোনও প্রভাব পেনশনে পড়ে না। পাশাপাশি কর্মচারীর যোগ্যতার ক্ষেত্রেও কোনও বদল আসে না।










