কালবৈশাখীর তাণ্ডব বুধেও, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের শুরু থেকেই গরমের ভয়ংকর দাপট বজায় থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনের সময় থেকেই বদলেছে আবহাওয়া বিকেল হলেই কালবৈশাখীর দাপট এবং হালকা মাঝারি বৃষ্টি একধাক্কায় কমিয়ে দেয় তাপমাত্রা। আগামীকাল (Weather Tomorrow) বুধবারও রাজ্যে বজায় থাকবে বৃষ্টির দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এরকমই থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় বঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । এমনকি আগামী দুইদিন দক্ষিণবঙ্গে বজায় থাকবে ঝড়বৃষ্টি। ফলে বৈশাখে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই রোদের তেজ দেখা যাবে কম বেশি। বিশেষ করে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে। এছাড়াও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির প্রভাবে গরমের প্রভাব থাকবে না বললেই চলে। তবে দুর্যোগ কাটতেই বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: ‘হিন্দু ছাড়া কারও প্রবেশ নয়’ শুদ্ধিকরণ করে কঙ্কালীতলায় টাঙানো হল পোস্টার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শুধু বৃষ্টি নয়, প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনাও রয়েছে।