সাত দিন মাঠে চক্কর কাটছে গরু, অলৌকিক ভেবে পুজো করে গ্রামবাসীরা! ফের সামনে এল সত্য

Published:

Viral Cow of UP

অনন্যা সরকার, উত্তর প্রদেশ: মাথায় সিঁদুর ল্যাপা, গলায় মালা আর গায়ে সোনালি চেলি জড়িয়ে মাঠের চারদিকে ঘুরপাক খেয়ে যাচ্ছে টানা সাত দিন। আর তাকে দেখতে দর্শনার্থীদের ঢল পড়েছে। না, কোনও মানুষের কথা বলছি না। গত এক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলার বাসভারিয়া পুরাইনা গ্রামে একটি গরুর (Viral cow) অস্বাভাবিক আচরণ মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরুটি সাত দিন ধরে একটি মাঠে ঘুরপাক খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই এমন অদ্ভুত কান্ড দেখতে শুধু এলাকার মানুষই নয়, দূর-দূরান্ত থেকে আসা মানুষেরও ভিড় জমতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গরুটির ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার পর থেকে বিষয়টি আরও বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। তবে, পশুচিকিৎসকরা জানাচ্ছেন, কোনও দৈবিক বা অলৌকিক কারণে নয়, গরুটির এরকম অদ্ভুত আচরণের পিছনে রয়েছে শারীরিক অসুস্থতা।

সাত দিন একটানা একইভাবে ঘুরপাক খাচ্ছে গরুটি

গ্রামবাসীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা নাগাদ গরুটি মাঠটিকে প্রদক্ষিণ করতে শুরু করে। এরপর গরুটি সাত দিন ধরে থেমে থেমে একই মাঠে চক্কর কেটে চলেছে। এই আচরণ দেখে গরুটিকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেক মানুষ এটিকে একটি অলৌকিক ঘটনা বলে মনে করে মাঠে গরুটিকে পূজো করা শুরু করেছেন। এমনকি, কিছু ভক্ত গরু সাথে নিজেরাই মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন।

গরুর এমন অদ্ভুত আচরণের কথা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে আর ক্রমাগত বাড়তে থাকে ভিড়। একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিদিন প্রচুর লোক গরুটিকে দেখতে আসছিল,  যার ফলে অসুবিধায় পড়েন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে। এরপর প্রধান পশুচিকিৎসা কর্তা (CVO) ডঃ সুনীল কুমার সিং পশুচিকিৎসা বিভাগের একটি দলকে নিয়ে গ্রামে এসে গরুটিকে পরীক্ষা করেন।

ডাক্তারদের পরীক্ষা থেকে জানা যায় যে, গরুটি সাররা (Surra) নামক একটি রোগে ভুগছিল, একে হাইপোগ্লাইসেমিয়া বলে। এই রোগে আক্রান্ত প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে এবং একভাবে একটি জায়গায় প্রদক্ষিণ করতে থাকে। চিকিৎসক দলটি গরুটির তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখে। অষ্টম দিনে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভিড় সরাতে সক্ষম হয়। এরপর গরুটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তার পরিবারও এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ভিড় না জমানোর নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পিছোল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, সেরার মুকুট পেল কে

ডাক্তাররা বলছেন, চিকিৎসার পর গরুটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। তবে, বিশেষজ্ঞদের ব্যাখ্যা শোনা সত্ত্বেও অনেকেই এখনও এই ঘটনাটিকে একটি অলৌকিক ঘটনা বা বিশেষ লক্ষণ বলে মনে করছেন। বর্তমানে বাসভারিয়া পুরাইনা গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গ্রামবাসীরা গরুটির সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করছেন।