বিক্রম ব্যানার্জী, কলকাতা: রয়েছে তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ। দীর্ঘ তল্লাশির পর অবশেষে সুদূর কর্ণাটক থেকে গ্রেফতার হলেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক (EX TMC MLA Arrested) তথা তৃণমূলের দাপুটে নেতা রামেন্দু সিংহ রায়। সূত্রের খবর, ভিন রাজ্যে ধৃত তৃণমূল নেতাকে শীঘ্রই তারকেশ্বরে নিয়ে আসা হবে। এদিকে, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক গ্রেফতার হতেই একে একে মুখ খুলছেন অনেকেই। তারকেশ্বরের স্থানীয় বাসিন্দাদের অনেকের মুখে শোনা যাচ্ছে, “পাপ করেছে, তাই গ্রেফতার হল!”
প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ
কর্নাটকে গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, এই রামেন্দু সিংহ রায় নাকি সরকারি ত্রাণ সামগ্রিক চুরি করতেন। শুধু তাই নয়, এই ব্যক্তির বিরুদ্ধে তোলাবাজি সহ বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। মূলত এইসব অভিযোগকে সামনে রেখেই সম্প্রতি তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। আর তারপরেই প্রাক্তন বিধায়কের খোঁজ শুরু করে পুলিশ।
সূত্রের খবর, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক নাকি নিজের বাড়ির পাশেই একটি বিএড অফিস তৈরি করেছিলেন। গত 11 তারিখ সেই কলেজ থেকেই বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। জানা যায়, ওই ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। যদিও রামেন্দুর খোঁজে একটানা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর আসে তৃণমূল নেতা নাকি কর্নাটকে লুকিয়ে রয়েছেন।
অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে কড়া পরামর্শ ভারতের প্রাক্তন কোচের
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ভারতের রাজ্যটিতে তৃণমূল নেতা লুকিয়ে আছে জেনে সেখানকার পুলিশের সাথে সমন্বয় করেই তারকেশ্বরের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে, দক্ষিণের রাজ্য থেকে খুব শীঘ্রই তৃণমূল নেতাকে এ রাজ্যে নিয়ে আসা হবে।










