নৈহাটির রাস্তায় বন্ধ হল টোটো, হালিশহর ও কাঁচরাপাড়াতেও দেখা যেতে পারে একই দৃশ্য

Published:

Toto Ban in Naihati Busy Road

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: রাজ্যের বিভিন্ন জেলায় টোটো দৌরাত্ম নিয়ে নাজেহাল বাস, গাড়িচালক থেকে সাধারণ পথযাত্রীরা। নতুন সরকার এবার তাই টোটো নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছে। কিছুদিন আগেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো, ই-রিক্সার চলাচল সম্পূর্নভাবে নিষিদ্ধ করা হয়েছে (Toto Ban)। এছাড়া, ব্যস্ততম সড়কগুলিতেও এখন টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাঁকিনাড়া বাজার, শ্যামনগর ও ভাটপাড়ার পর এবার নৈহাটির ব্যস্ত রাস্তা, ঘোষপাড়া রোডে টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

নৈহাটির ব্যস্ততম রাস্তায় বন্ধ টোটো চলাচল

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে নৈহাটির গোরুর ফাঁড়ি থেকে ৭৩ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সোমবার ব্যারাকপুরের ডিসি (ট্রাফিক) রাজ নারায়ণ মুখোপাধ্যায় নৈহাটির ঘোষপাড়া রোডের রামকৃষ্ণ মোড়ে একটি ট্রাফিক বুথের উদ্বোধন করেন। তখনই তিনি জানান যে, ব্যস্ত রাস্তাগুলোতে যান চলাচল মসৃণ করার জন্য টোটো নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে নৈহাটির ঘোষপাড়া রোডে টোটো চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। 

মঙ্গলবার থেকে মেইন রোডে আর টোটো চলবে না। তার পরিবর্তে একটি বিকল্প পথ বেছে দেওয়া হয়েছে। এছাড়া, নৈহাটির গোরুর ফাঁড়ি ও ৭৩ নম্বর বাসস্ট্যান্ডের মাঝে কয়েকটি নির্দিষ্ট ক্রসিং পয়েন্ট দিয়ে টোটোগুলি রাস্তা পারাপার করতে পারবে। ব্যারাকপুরের ডিসি (ট্রাফিক) এও জানান যে, আগামীদিনে হালিশহর ও কাঁচরাপাড়ার ঘোষপাড়া রোডেও টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

আরও পড়ুন: এবার ‘জমির আধার কার্ড’ চালু করছে রাজ্য সরকার, মিলবে ১২ সংখ্যার ইউনিক কোড

যানজট ও দুর্ঘটনা রোধ করার জন্যই প্রশাসনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র কোনও জরুরি প্রয়োজন ছাড়া, ওই রাস্তা দিয়ে টোটো চলাচল করতে দেওয়া হবে না বলে সাফ জানান ব্যারাকপুরের ডিসি (ট্রাফিক) রাজ নারায়ণ মুখোপাধ্যায়। ওই এলাকার এক ট্রাফিক গার্ডের এক আধিকারিক জানিয়েছেন, গত ১০-১২ দিন ধরে পুলিশ নৈহাটির বিভিন্ন এলাকায় টোটো চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বার্তা প্রচার করছে। এখন থেকে শুধুমাত্র চিহ্নিত রাস্তাগুলিতেই টোটো চলাচল করবে।