‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, অনুরোধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

Published:

Prosenjit Chatterjee

সৌভিক মুখার্জী, কলকাতা: সবসময় বিতর্ক থেকে দূরে থাকতে পছন্দ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তবে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। এইতো ভোট গণনার আগেই তাঁর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছিল চরম জল্পনা (West Bengal Election 2026)। তিনি নাকি সরকার পরিবর্তনের অপেক্ষা করছেন! যদিও আসলেই সরকার পরিবর্তন হয়েছে। ২০৭ আসনে জয়লাভ করে ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ‘টাটা বাই বাই’ বলেছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির হয়ে জয়লাভ করে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন! নিজেই স্বীকার করেছেন অভিনেতা। যে কারণে, বুম্বাদার গায়ে এবার রাজনীতির কাঁদা ছোঁড়া হচ্ছে। এ নিয়েই সরব হলেন অভিনেতা।

কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? 

আসলে নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ ৪ মে। শাসক দলের একেবারে ল্যাজেগোবরে অবস্থা। ক্ষমতা হারিয়েছে রাজ্যের ১৫ বছর গদি দখল করে থাকা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তবে ভোট গণনার আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, “অনেকদিন পর এই শহরে অপেক্ষা করতে খুব ভালো লাগছে।” এমনকি তিনি ক্যাপশনে লিখেছিলেন, “অনেকদিন পর পর এই শহরেই আবার নতুন করে গল্প তৈরি হচ্ছে।”

তবে এই পোস্ট দেখেই নেট নাগরিকরা বলতে থাকেন যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো নতুন কিছু অপেক্ষা করছেন। হয়তো তিনি রাজনৈতিক পালাবদল চাইছেন। আবার কেউ কেউ লিখছিলেন, হয়তো বুম্বাদার নতুন কোনও ছবির প্রোমোশন। এমনিতেই রাজনীতির ধারেপাশে ঘেঁষেন না অভিনেতা। তবে সামান্য একটি পোস্ট নিয়েই তাঁর গায়ে রাজনীতির তকমা লাগানো হচ্ছিল।

তবে বিতর্ক এখানেই শেষ নয়। গতকাল শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে—ভোটের রেজাল্ট বেরোতেই নাকি রাত্রিবেলায় রুদ্রনীল ঘোষকে ফোন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি সোমবার রাতে রুদ্রনীল ঘোষ নিজেই জানিয়েছেন যে, টলিপাড়ার একাধিক ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। সেই তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্বের নামও রয়েছে। আর এখান থেকে সন্দেহ দানা বাঁধছে যে, প্রসেনজিৎ কি তাহলে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন? তবে এর বিরুদ্ধে সরব হলেন খোদ অভিনেতা।

আরও পড়ুন: ‘পাপ ব্যাপকেও ছাড়ে না’ মমতার সাথে ছবি পোস্ট করে ভয়ঙ্কর তথ্য ফাঁস মনোজ তিওয়ারির

আজ ফেসবুক পোস্ট করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অরফে বুম্বাদা স্পষ্ট লিখেছেন যে, “আমি দীর্ঘ বহু বছর ধরেই অত্যন্ত সম্মানের সঙ্গেই অভিনয় করে আসছি। অভিনয় আমার পেশা। আগামী জন্য ঠিক এইভাবেই আমি কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে, দয়া করে আমার গায়ে কোনও রকম রাজনৈতিক রঙ লাগাবেন না। আমি কাউকেই ফোন করিনি। বরং, আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে বড় দাদা হিসেবে। কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য। আমি কেবল সেইটুকু দায়িত্বই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।”