সৌভিক মুখার্জী, কলকাতা: চলছে আগস্ট মাস। তবে এই মাসে রয়েছে একাধিক ছুটি (Holiday)। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি বা বেসরকারি কর্মচারী, সবাই উপভোগ করতে পারবে এই ছুটি। এমনকি চলতি মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে বলে খবর। তবে জানলে অবাক হবেন, এই মাসে ছাত্র-ছাত্রীরা এখনও দু’দিন ছুটি পাবে। এমনকি এই দিনগুলিতে সরকারি অফিস, আদালতও বন্ধ থাকবে।
আগস্ট মাসে দু’দিন ছুটি স্কুল-কলেজের পড়ুয়াদের
প্রসঙ্গত, আগস্ট মাসে স্বাধীনতা দিবস, ঈদে মিলাদ এবং রাখি বন্ধনের মতো প্রধান উৎসব উপলক্ষ্যে এমনিতেই রাজ্যের স্কুল-কলেজ, অফিস, আদালত বন্ধ থাকে। সেই সূত্র ধরেই ঈদে মিলাদ এবং রাখি বন্ধনের ছুটি এখনও পর্যন্ত বাকি। আর এই দুটি উৎসবের কারণে আগস্ট মাসে এখনও দু’দিন স্কুল-কলেজ বন্ধ থাকবে বলেই খবর। পাশাপাশি এই দিনগুলিতে ব্যাঙ্কও বন্ধ থাকবে। তাই আপনার যদি ব্যাঙ্কে কোনও কাজকর্ম থেকে থাকে, তাহলে আগেভাগে সেরে নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
জানা গিয়েছে, আগামী ২৬ আগস্ট ঈদে মিলাদ উদযাপিত হবে গোটা দেশজুড়ে। বিশেষ করে মুসলিম ধর্মের মধ্যে এই উৎসবের প্রচলন রয়েছে। নবী মুহাম্মদের জন্মদিনকে স্মরণ করেই এই উৎসবটি পালিত হয়। এমনকি মুসলিম সম্প্রদায়ের সদস্যরা প্রার্থনা, দোয়া বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই দিনটিতে। এই উৎসব উপলক্ষ্যে গোটা দেশজুড়ে স্কুল-কলেজ, সরকারি অফিস বন্ধ থাকবে। এমনকি এদিন ব্যাঙ্কও বন্ধ থাকবে।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি! অভিষেকের আমতলার পার্টি অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
দ্বিতীয় যে ছুটির কথা বলা হচ্ছে সেটি হল রাখি বন্ধন। আগামী ২৮ আগস্ট পড়ছে এ বছর রাখি বন্ধন। পশ্চিমবঙ্গের নতুন সরকার রাখি বন্ধন উপলক্ষ্যে এবার বিশেষ কর্মসূচিও আয়োজন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই দিনটি উপলক্ষ্যে গোটা রাজ্যজুড়ে ছুটি তো থাকবেই। তার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও স্কুল-কলেজ, কিংবা সরকারি বা বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে মাঝে ২৭ আগস্ট যদি একটি ক্যাজুয়াল লিভ নেওয়া যায়, তাহলে একটানা ৩ দিন ছুটির সুবিধা উপভোগ করতে পারবে ছাত্রছাত্রীরা।










