খেলা শেষ হবে Oppo, Vivo, Xiaomi-র! ২০২৭-এই আসছে ভারতের নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে দেশে ব্যবহৃত 99.2 শতাংশ স্মার্টফোন তৈরি হয় ভারতেই (Indian Smartphone Brand)। তবে কেন্দ্রীয় সরকার (Central Government) এমন একটি প্রকল্প নিয়ে কাজ করতে চলেছে যার অধীনে আত্মপ্রকাশ করবে ভারতেরই স্মার্টফোন (Smartphone) ব্র্যান্ড। আসলে, ভারতে স্যামসাং, ভিভো, অপো, শাওমির মতো সংস্থার কারখানা তৈরি হলেও আজ পর্যন্ত এমন কোনও দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারক ব্র্যান্ড তৈরি হয়নি, যা আন্তর্জাতিক বাজারে এই সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় নামবে (Made In India Smartphone)। ঠিক সে কারণেই, কেন্দ্র 62,500 কোটি টাকার স্মার্টফোন উৎপাদন প্রকল্পের ঘোষণা করেছেন।

দেশীয় স্মার্টফোন তৈরিতে বড় প্রকল্প ঘোষণা কেন্দ্রের

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের বাজারে চিনের বিভিন্ন সংস্থার স্মার্টফোনের পাশাপাশি মার্কিন মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলির রমরমায় একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলি। মূলত সে কারণেই ভারত সরকার চায়, বিদেশি সংস্থাগুলি যেমন একদিকে ভারতেই তাদের স্মার্টফোন তৈরি করবে অন্যদিকে দ্রুত দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য, 2027 সালের মাঝামাঝি নাগাদ ভারতে প্রথম দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড তৈরি হতে পারে। কেন্দ্রের এই নতুন প্রকল্পের অধীনে ভারতের স্মার্টফোন প্রস্তুতকারক ব্র্যান্ডগুলি বিদেশের বাজারে ফোন বিক্রির ক্ষেত্রে 5 শতাংশ প্রণোদনা পাবে। এছাড়াও নিজস্ব ডিজাইনের উপর অতিরিক্ত 3 শতাংশ সুবিধা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। আসলে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, অন্তত 51 শতাংশ ভারতীয় মালিকানাধীন কোম্পানিগুলিকে স্মার্টফোন তৈরিতে উৎসাহিত করা।

বলাই বাহুল্য, আজ থেকে প্রায় 10 বছর আগে ভারতের বাজারে আধিপত্য ছিল দেশীয় সংস্থা মাইক্রোম্যাক্স, লাভা এবং ইনটেক্স এর মতো কোম্পানির স্মার্টফোনের। 2015 সাল নাগাদ এইসব সংস্থার মার্কেট শেয়ার ছিল 35 শতাংশ পর্যন্ত। এমনকি মাইক্রোম্যাক্স পর্যন্ত দেশের বাজারে স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতায় নামে। তবে সমস্যা বাড়ে শাওমি, ভিভো, অপোর মতো চিনা সংস্থাগুলি ভারতের বাজারে প্রবেশ করার পর। এইসব স্মার্টফোন কোম্পানিগুলি উন্নত ফিচার এবং অল্প দামে একাধিক সুবিধা দিয়ে দেশের বাজারের গতিপ্রকৃতি বদলে দেয়। এর ফলে ভারতীয় সংস্থাগুলির শেয়ার কমে 1 শতাংশে নেমে আসে। তাদের কাছে বিপুল উৎপাদনের ক্ষমতাও ছিল না। যার ফলে দেশের বাজারে আধিপত্য দেখাতে থাকে বিদেশি সংস্থাগুলি। তবে এবার শাওমি, অপো, ভিভো এমনকি স্যামসাং এর মতো সংস্থার খেলা শেষ করতে পারে ভারতীয় ব্র্যান্ড।

আরও পড়ুন: টিকিট ছাড়াই উঠেছেন ট্রেনে? এই নিয়ম জেনে রাখলে ফাইন করতে পারবে না TTE

বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় সরকারের নতুন নীতির কারণে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারতীয় সংস্থা লাভা। এই কোম্পানিটি সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে ফের বাজারে ফেরার চেষ্টা করছে। কোম্পানিটির শেয়ারও বছরে 40 থেকে 50 শতাংশ হারে বাড়ছে। এই সংস্থা ফোন অ্যাসেম্বল করার সাথে সাথে ক্যামেরা মডিউল থেকে শুরু করে ডিসপ্লে সবকিছু নিয়েই কাজ করছে। এর জন্য বিনিয়োগ করা হয়েছে 1100 কোটি টাকা। এছাড়াও ডিক্সন টেকনোলজির সংস্থা ভারতে স্মার্টফোন উৎপাদনের একটি দুর্দান্ত ইকো সিস্টেম তৈরি করে ফেলেছে। এর ফলে যেকোনও ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি বা ব্র্যান্ডকে বিশ্বমানের করে তোলার ক্ষমতা রাখে ডিক্সন। তবে এক্ষেত্রে আগামীতে ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিটিকে গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে।

google button