রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মৃত ৪৯ ভারতীয, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Published:

Central Government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়ার (Russia) হয়ে যুদ্ধে লড়তে গিয়ে প্রাণ গিয়েছে বহু ভারতীয়র। হ্যাঁ, ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন লড়াইয়ের জন্য চাকরি দেওয়ার নামে ভারত, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের যোগ্য পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগ করেছিল রাশিয়া। একপ্রকার ভাড়াটে সৈন্য হিসেবেই নিয়োগ করা হয় তাঁদের। পরবর্তীতে চুক্তিমতো রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধের ময়দানে নামতে হয়েছিল তাঁদের। আর সেটা করতে গিয়েই ইউক্রেনের সাথে যুদ্ধে প্রাণ গিয়েছে 49 জন ভারতীয়র। সুপ্রিম কোর্টে এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

দেশের শীর্ষ আদালতের কাছে বড় তথ্য পেশ কেন্দ্রের

ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রুশ সেনার হয়ে যুদ্ধে লড়তে গিয়েছেন ভারতের 217 জন পুরুষ জওয়ান। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 49 জনের। শুক্রবার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে হয়েছিল রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে যাওয়া 26 জন ভারতীয়কে দেশে ফেরানোর মামলার শুনানি। সেখানেই কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি দাবি করেন, নানান ভাবে লোভ দেখিয়ে ভারতের 217 জনকে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে যুদ্ধে লড়তে গিয়ে প্রাণ গিয়েছে 49 জনের।

এদিন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করার সময় কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল আরও বলেন, “ভারতের ছেলেদের অতিরিক্ত বেতন দেওয়া সহ অন্যান্য একাধিক লোভনীয় সব সুযোগ-সুবিধার কথা বলে তাঁদের সেনাবাহিনীতে নিযুক্ত করে রাশিয়া! ভাড়াটে সেনা হিসেবে তাঁদের নেওয়ার পাশাপাশি এককালীন 5 হাজার মার্কিন ডলার দেওয়ার কথা জানায় রাশিয়া। সেই সাথে বলা হয় প্রত্যেক মাসে আড়াই হাজার ডলার করে বেতন দেওয়া হবে।”

এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য ভারতীয়দের রাশিয়ার নাগরিকত্ব দেওয়ারও প্রলোভন দেখানো হয়েছিল। তাতে একপ্রকার বাধ্য হয়ে রুশ সেনায় যুক্ত হয়েছিলেন ভারতীয়রা। পরে লড়াই করতে গিয়ে যে সকল ভারতীয়র প্রাণ গেল তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে 1 লাখ 68 হাজার মার্কিন ডলার দেওয়ারও আশ্বাস দেয় রুশ সরকার!

অবশ্যই পড়ুন: কোমরের উপর বিশ্ববাংলা লোগো! ভেঙে ফেলা হল সল্টলেক স্টেডিয়ামের সেই ‘বিদঘুটে’ মূর্তি

প্রধান বিচারপতির বেঞ্চে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল একবারে স্পষ্ট করে জানান, রাশিয়ার সাথে কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে ভারতের 139 জনকে চুক্তি থেকে পুরোপুরি মুক্ত করা গিয়েছে। তাঁদের প্রত্যেককেই নিরাপদে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে রাশিয়ার তরফে বলা হয়েছে, যুদ্ধে লড়তে যাওয়া বেশ কয়েকজন ভারতীয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরেই তাঁরা নিখোঁজ। রুশ সেনায় নিযুক্ত ওই ভারতীয়দের খোঁজার জন্য রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস ক্রমাগত রুশ প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে