পেট্রোল, ডিজেলের পর এবার দাম বাড়ল CNG-র

Published:

CNG Price

সহেলি মিত্র, কলকাতাঃ পেট্রোল, ডিজেলের পর আবারও বাড়ল সিএনজি (CNG Price)-র দাম। আজ মঙ্গলবার সকাল সকাল সরকার নতুন দাম ঘোষণা করেছে যা সকলের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ক্রমশ অশান্তি ভারত সহ বিশ্বের বহু দেশের ওপর পড়ছে। সবজি থেকে শুরু করে জ্বালানি, সবকিছুর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কিছু কিনতে গেলেই রীতিমতো ছ্যাঁকা লাগছে। এরই মধ্যে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়ে গেল।

ফের দাম বাড়ল সিএনজি-র

গত ১০ দিন ধরে ভারতে পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম ক্রমাগত বাড়ছে। এক রিপোর্ট অনুযায়ী, আজ, ২৬ মে, দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়েছে। এর ফলে, মঙ্গলবার নতুন দাম প্রতি কেজিতে ৮৩.০৯ টাকায় পৌঁছেছে। পেট্রোল এবং ডিজেলের দাম গতকালই বাড়ানো হয়েছিল। ১৫ই মে-র পর থেকে এই নিয়ে চতুর্থবারের মতো সিএনজির দাম বাড়ানো হলো। প্রশ্ন উঠছে, আগামী দিনে কি আরও মহার্ঘ্য হবে জ্বালানি?

কী বলছেন বিশেষজ্ঞরা?

পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব ভারতে জ্বালানির দামে দেখা যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে সাধারণ জনগণ এখন উদ্বিগ্ন। ২০২৬ সালের ১৫ই মে-র পর কখনও পেট্রোল ও ডিজেলের দাম বাড়ে, আবার কখনও সিএনজি-র দামও বৃদ্ধি পাচ্ছে। সিএনজির ক্রমাগত বাড়তে থাকা দামের কারণে এটি চালিত যানবাহনের জ্বালানি খরচ বাড়ছে। পেট্রোল ও ডিজেলের তুলনায় এর দাম তুলনামূলকভাবে কম, যে কারণে এই মূল্যবৃদ্ধি ট্যাক্সি ও অটোর মতো বাণিজ্যিক যানবাহনের উপর বেশি প্রভাব ফেলবে। দিল্লি-এনসিআর-এর ট্যাক্সি ইউনিয়নগুলোও জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছে।

আরও পড়ুনঃ গ্রুপ-ডি পদে নিয়োগ অবসরপ্রাপ্ত কর্মীদের, বেতন ও কোথায় আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার

কবে পরিস্থিতি একটু ঠিক হবে? বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম স্বাভাবিক পর্যায়ে না ফেরা পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ভারতের তেল ও বিপণন সংস্থাগুলো চড়া দামে জ্বালানি কিনছে, যার ফলে তাদের প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লোকসান হচ্ছে।