মিলবে না ১৮ মাসের বকেয়া ডিএ, জুলাইতে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে?

Published:

Dearness Allowance,

সৌভিক মুখার্জী, কলকাতা: অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। কয়েক মাস পরেই মিলবে এই বেতন কমিশনের সুপারিশ। ফলে একধাক্কায় মাসিক বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের। কিন্তু সেই আবহে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে সংশয়। সপ্তম বেতন কমিশনে আওতায় কি বকেয়া ডিএ (Dearness Allowance) পাবেন তারা? বিশেষ করে করোনা সময়কালের ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন কাজ করছে।

ডিএ নিয়ে চাপানউতর সরকারি কর্মচারীদের মধ্যে

ডিএ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। এদিকে করোনা সময়কালের ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়া হবে না বলেই জানিয়েছিল কেন্দ্র। সেই সূত্রে চলতি বছরের জুলাই মাসে ডিএ মিলবে কিনা সেই ব্যাপারে তৈরি হচ্ছে সংশয়। যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বছরে দু’বার ডিএ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়, যথা জানুয়ারি মাস এবং জুলাই মাস। সেক্ষেত্রে এপ্রিল মাসের বেতনের সঙ্গে বছরের প্রথম বর্ধিত ডিএ মেলে। এমনকি এবারও বেড়েছিল ২ শতাংশ মহার্ঘ ভাতা। জুলাই মাসের ঘোষণার দিকেই তাকিয়ে এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

তবে এই ডিএ হাতে পেতে অবশ্য সরকারি কর্মচারীদেরকে সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু এবার যে ডিএ ঘোষণা করা হবে তা সপ্তম বেতন কমিশন অনুযায়ী হবে। কারণ, আগামী জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। কিন্তু এবার কতটা ডিএ বাড়ানো হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। যদিও এই ডিএ-র মান নির্ধারণ করে সর্বশেষ ভোক্তামূল্য সূচকের উপর। এবছর এপ্রিল মাসে এই হার ছিল ১৪৯.৯। সামগ্রিক মুদ্রাস্ফীতির কথা বিবেচনা করেই জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কেন্দ্র সরকার এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: জালালাবাদ এখন থেকে পরশুরামপুরী, যোগী রাজ্যে বদলে গেল আরেক শহরের নাম

না উল্লেখ করলেই নয়, বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই সূত্রে জুলাই মাসের বর্ধিত ডিএ অষ্টম বেতন কমিশন অনুযায়ী অন্তর্ভুক্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২০২৭ সালের মাঝামাঝি সময়েই হয়তো অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। ইতিমধ্যে নিয়ে চলছে আইনি প্রক্রিয়া। কিন্তু সেক্ষেত্রে আবার মহার্ঘ ভাতা শূন্য থেকে হিসাব করতে হবে এবং সংশোধিত বেতন চালুর ৬ মাস পরেই ডিএ ঘোষণা করবে সরকার। এখন দেখার, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারীদের বেতন ঠিক কতটা বৃদ্ধি পায়।