অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: আসলের বদলে বরপক্ষের কপালে জুটলো খেলনা গাড়ি। তাই নিয়েই মেরঠের পার্তাপুরের সোলানায় তুলকালাম কাণ্ড। বিয়ের যৌতুক (Dowry) হিসেবে গাড়ি চাওয়াকে কেন্দ্র করে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বরপক্ষের দাবিতে ক্ষুব্ধ হয়ে কনের পরিবার এমন জবাব দিয়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। বিয়ের অনুষ্ঠানের জন্য ‘লালখাত’ নিয়ে আসা বরের পরিবারকে আসল ‘থার’ (Mahindra Thar)-এর পরিবর্তে একটি খেলনা গাড়ি ধরিয়ে দিয়েছে কনের পরিবার। এর সঙ্গেই ক্যামেরার সামনে সম্পর্ক ভাঙার ঘোষণাও করেন কনের বাবা।
পণে গাড়ি দেওয়ায় আপত্তি জানিয়ে সম্পর্কচ্ছেদ কনেপক্ষের
স্থানীয় সূত্রে খবর, ভবনপুরের জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শামশের নামের এক ব্যক্তি, সোলানার বাসিন্দা বাব্বরের মেয়েদের সঙ্গে তার দুই ছেলে মেহতাব ও জাইদের বিয়ের ব্যবস্থা করেছিলেন। শনিবার সকালে শামশের তার ছেলেদের জন্য বিবাহরীতি অনুযায়ী ‘লালখাত’ নিয়ে সোলানায় মেয়ের বাড়িতে আসেন। অভিযোগ উঠেছে যে, তিনি যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করেছিলেন। এই দাবিতে ক্ষুব্ধ হয়ে মেয়ের পরিবার শামশের ও তার সঙ্গীদের বাড়িতে ১০ ঘণ্টা আটক করে রাখে। অবশেষে আসল থারের বদলে তাদের একটি খেলনা থার দেওয়া দিয়ে সম্পর্কটি ছিন্ন করা হয়।
মেয়ের পরিবারের তরফে অভিযোগ, শামশের বিয়েতে একটি গাড়ির জন্য জেদ ধরেছিলেন। এরপর বাব্বর তাকে ‘লালখাত’ অনুষ্ঠানের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। মুসলিম সমাজে বিয়ের আগে ‘লালখাত’ অনুষ্ঠানে পাত্রীর পরিবারের পক্ষ থেকে পাত্রপক্ষকে বিয়ের দিনক্ষণ ও অন্যান্য বিবরণসহ আমন্ত্রণপত্র দেওয়া হয়। শামশেরকে এই অনুষ্ঠানের জন্যই ডাকা হয়েছিল, তারপর তাকে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত আটকে রাখা হয়।
আরও পড়ুন: দারিদ্র্য পেরিয়ে মহাকাশে, বীরভূমের কৃষকের ছেলে সুলতান পেলেন ISRO-তে গবেষণার সুযোগ
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শামশেরের কোলে একটি খেলনা থার ধরে রয়েছেন, যা কনের পরিবারই তার কোলের ওপর রেখে ভিডিওটি রেকর্ড করে। যদিও শামশের দাবি করেছেন যে, তিনি কোনো যৌতুক চাননি। কনের পক্ষের কিছু সদস্য তার বিরুদ্ধে গাড়ি চাওয়ার মিথ্যা অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। শামশের বলেন তিনি ১ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে সমঝোতা করেছেন এবং এ বিষয়ে আর কোনো পদক্ষেপ চান না।


